কেশবপুরে ভ্যান চুরির ঘটনায় আটক যুবকের স্বীকারোক্তি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে ব্যাটারিচালিত ভ্যান চুরি মামলায় আটক আসাদুজ্জামান আসাদ এক যুবক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুদ্দীন হোসাইন তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আসাদুজ্জামান আসাদ বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
আসাদুজ্জামান আসাদ জবানবন্দিতে বলেছেন, তিনি ট্রাকের হেলপার। কিন্তু কয়েকদিন কাজ না থাকায় তিনি বাড়িতে ছিলেন। এ সময় তার পূর্ব পরিচিত একজন ঘরজামাই শ্বশুরের প্রতিবেশীর ব্যাটারিচালিত ভ্যান চুরির কথা বললে তিনি রাজি হয়ে যান। এরপর গত ২৩ ডিসেম্বর গভীর রাতে তারা ভ্যানটি চুরি করেন। পরে ভ্যানটি অন্যত্র বিক্রি করে দেয়া হয়। তিনি এর থেকে ২০ হাজার টাকা ভাগ পেয়েছিলেন। উলেখ্য, গত ২৩ ডিসেম্বর রাতে বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ব্যাটারিচালিত ভ্যান চুরি হয়ে যায়। এ ঘটনায় তিনি কেশবপুর থানায় মামলা করেন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে আসাদকে আটক করলে তিনি চুরির কথা স্বীকার করেন।