কেশবপুরে বোনকে হত্যার চেষ্টা মামলায় দুই ভাইসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের কেশবপুর উপজেলার দোরমুটিয়া গ্রামে মনোয়ারা নামে এক নারীকে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় তার দুই ভাইসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। জমিজমার বিরোধে এই হত্যা চেষ্টা করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে এই চার্জশিট দাখিল করেন পুলিশের এসআই লিখন কুমার সরকার। অভিযুক্ত আসামিরা হলেন, দোরমুটিয়া গ্রামের আয়ুব আলী ও তার তিন ছেলে ফজলে রাব্বি মুকুট, ইয়ারুল হুদা জয়, নুরুল হুদা স¤্রাট, ভাই আশরাফ হোসেন এবং মৃত আলী বক্সের ছেলে রফিউদ্দিন। মামলার বিবরণে জানা গেছে, দোরমুটিয়া গ্রামের মৃত নেয়ামত আলীর দুই মেয়ে হোসনেয়ারা ও মনোয়ারার সাথে তাদের ভাই আয়ুব আলী ও আশরাফের জমি নিয়ে বিরোধ চলছিল। গত ২৭ আগস্ট সকালে মনোয়ারা আরেক বোন তসলিমা বাড়ির আশেপাশে পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় উল্লিখিত আসামিরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালান। তারা তাসলিমাকে মারধরে আহত ও মনোয়ারাকে কুপিয়ে হত্যা চেষ্টা করেন। তখন তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে আহত দুই বোনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এ ব্যাপারে তাসলিমা ওই ৬ জনকে আসামি করে কেশবপুর থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে এজাহারভুক্ত সকল আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।