কেশবপুরে বৃদ্ধ দম্পতিকে অচেতন করে ২৪ লাখ টাকার স্বর্ণালংকার লুট

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামে চুরির ঘটনা ঘটেছে। জানালার ফাঁক দিয়ে চেতনানাশক স্প্রে করে ঘরের বাসিন্দাদের অচেতন করে লকার ভেঙে ১২ ভরিরও বেশি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা লুট করে নিয়েছে সংবদ্ধ অপরাধী চক্র।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে। চালডাল পিএলসি নামের একটি প্রতিষ্ঠানের উপপরিচালক আজিজুর রহমান জিকোর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ঘটনার সময় তিনি তার কর্মস্থল যশোরে অবস্থান করছিলেন। তার বৃদ্ধ পিতা মো. আতিয়ার রহমান ও মা জরিনা বেগম ওই বাড়িতে ছিলেন।

দুষ্কৃতকারীরা গভীর রাতে জানালার ফাঁক দিয়ে ক্ষতিকারক চেতনানাশক স্প্রে করলে ঘরে থাকা প্রবীণ দম্পতি মুহূর্তের মধ্যে অচেতন হয়ে পড়েন। এরপর দুষ্কৃতকারীরা কলাপসিবল গেটের তালা কেটে ঘরে প্রবেশ করে ওই দম্পতির ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়।

পরে বিভিন্ন কক্ষের আলমারি ও লকার তছনছ করে ৫ জোড়া কানের দুল, ৩ জোড়া রুলি, ১টি নেকলেস, ১টি চেইন ও ২টি আংটিসহ মোট ১২ ভরিরও বেশি স্বর্ণালঙ্কার যার আনুমানিক বাজার মূল্য ২৪ লাখ টাকা ও নগদ ১ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।