কেশবপুরে দু’টি ইউনিয়নে আ.লীগের আহবায়ক কমিটি গঠন নিয়ে অসন্তোষ

0

জয়দেব চক্রবর্ত্তী, কেশবপুর (যশোর) ॥ যশোর কেশবপুরের সাগরদাঁড়ি ও সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক কমিটিতে স্বাধীনতা বিরোধীদের অন্তর্ভুক্ত করায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। এই কমিটি প্রত্যাহারের দাবিতে ইউনিয়ন দুটিতে মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম রুহুল আমিন স্বাক্ষরিত আহ্বায়ক কমিটির ঘোষণাকে অগঠনতান্ত্রিক আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা নবগঠিত আহবায়ক কমিটির বিষয়ে সেখানে উল্লেখ করেছেন, ‘এই কমিটির কোন বৈধতা নেই। স্বেচ্ছাচারিতা ও ব্যক্তিগত আক্রোশ মেটানোর অপপ্রয়াশ মাত্র। একক সিদ্ধান্তে কোন কমিটি বিলুপ্ত করা ও গঠন করা বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্র পরিপন্থি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা ছাড়া কিছুই নয়।’
এদিকে আহ্বায়ক কমিটির নাম প্রকাশের পর বীর মুক্তিযোদ্ধা ও সদ্য সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ডাক্তার শহিদুল ইসলাম বলেন, ঘোষিত আহবায়ক রফিকুল ইসলাম রাজাকার পরিবারের সন্তান। এ ছাড়া নৌকা প্রতীকের বাইরে অবস্থান নেয়ায় যদি কমিটি ভেঙ্গে দেয়া হয়, তাহলে যারা নৌকার বিরোধী আনারস প্রতীকে সরাসরি কাজ করেছে তাদেরকে কমিটি অন্তর্ভূক্ত করা হয়েছে কার স্বার্থে? এ কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানান তিনি। একই মন্তব্য মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জামান, আব্দুস সাত্তার ও নিমাই চন্দ্র দেরনাথের। সাগরদাঁড়ি ইউনিয়নে আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আল্টিমেটাম দিয়ে আন্দোলন করবেন বলে জানিয়েছেন। গত ৫ জানুয়ারি কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ও সাতবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘটনায় ইউনিয়ন কমিটি ভেঙ্গে দেয়া হয়। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন জানান, ‘সাগরদাঁড়ি ও সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের বেশিরভাগ নেতৃবৃন্দ নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করার কারণে আমরা ওই কমিটি বিলুপ্ত করি। সেই সাথে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।’ চরম অসন্তোষের কারণে ঘরের আগুনে পুড়ছে আওয়ামীলীগ। নাম না প্রকাশের শর্তে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র কয়েকজন নেতা বলেন, দলীয় প্রতীকের বিপক্ষে থাকায় সাংগঠনিক সিদ্ধান্ত সঠিক। তবে যাদেরকে নুতন করে দায়িত্ব দেয়া হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড বিবেচনা করা উচিৎ।