কেশবপুরে জলাবদ্ধতার ক্ষত রাস্তায় রাস্তায়

0

জয়দেব চক্রবর্তী, কেশবপুর (যশোর) ॥ গত অক্টোবরের টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় কেশবপুরের মানুষের ভোগান্তি এখনও কমেনি। অনেক এলাকা এখনও পানির নিচে রয়েছে। রাস্তায় জমে থাকা পানি ধীরে ধীরে নামছে। তবে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় জনগণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টিতে অন্তত ২০টি রাস্তা ভেঙে নষ্ট হয়ে গেছে।


জানা গেছে, গত অক্টোবরের টানা বৃষ্টিতে কেশবপুর পৌরসভাসহ ১১টি ইউনিয়নের ১১৪টি গ্রাম প্লবিত হয়। প্লাবিত হয় এলাকার অধিকাংশ গুরুত্বপূর্ণ পিচ ও ইটের সোলিংয়ের রাস্তা। এছাড়া, অধিকাংশ বিলের মধ্যে দিয়ে যেসব রাস্তা আছে তা এখনও পানির নিচে রয়েছে। ঘেরের পানির ঢেউ ও যাতায়াতের কারণে এসব রাস্তা ধসে নষ্ট হয়ে গেছে। এসব রাস্তার মধ্যে সচচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যস্ততম জনবহুল কেশবপুর-কলাগাছি সড়ক, কেশবপুর ভান্ডারখোলা সড়ক, মঙ্গলকোটি হিজলডাঙ্গা সড়ক, মঙ্গলকোট পাঁজিয়া-মঙ্গলকোট বাজার সড়ক, তেঘরি পরচক্রা বাজার সড়ক, ব্যাসডাঙ্গা খতিয়াখালি সড়ক, রামচন্দ্রপুর ফকির বাড়ি সড়ক, বালিয়াডাঙ্গা মাগুরাডাঙ্গা সড়ক ও কন্দর্পপুর ভায়া বংশির বটতলা সড়ক। এসব সড়কের অধিকাংশ স্থান পানিতে তলিয়ে প্রায় ৬ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় ভারী যানবাহন চলাচল করতে পারছে না। এ মুহূর্তে রাস্তা সংস্কার করা না হলে জনগণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হবে। রাস্তা আরও ক্ষতিগ্রস্ত হবে।
উপজেলা প্রকৌশলী মো.নাজিমুল হক বলেন, কেশবপুর উপজেলা ভবদহ প্রকল্পের অন্তর্গত। অতিবৃষ্টিজনিত কারণে অধিকাংশ গ্রাম প্লাবিত হয়। তালিয়ে যায় অধিকাংশ রাস্তা। এখনও অনেক রাস্তা পানির নিচে রয়েছে। এ উপজেলায় প্রায় ২০টি পিচের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। যা সংস্কার করতে প্রায় ১৫ কোটি টাকা খরচ হবে। ক্ষতিগ্রস্ত রাস্তার তালিকা করে সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করা হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।