কৃষক সংগঠক আইয়ুব হোসেনের মৃত্যুবার্ষিকী আজ

0

খাজুরা (যশোর) সংবাদদাতা॥ দেশে নিরাপদ খাদ্য আন্দোলনের পুরোধা সফল কৃষক সংগঠক আইয়ূব হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। কৃষকদের ভাগ্যোন্নয়নে যিনি নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। যশোরসহ সারাদেশের দরিদ্র কৃষকদেরর কাছে অত্যন্ত প্রিয় মুখ তিনি। ২০১৬ সালের ১৬ জানুয়ারি মৃত্যুবরণ করেন বরেণ্য এই কৃষক সংগঠক। আজ তাঁর মৃত্যুবাষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়েছে। আইয়ূব হোসেন ১৯৪২ সালের ২৪ এপ্রিল যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের কটুরাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন কৃষক সমিতির হয়ে কাজ শুরু করেন। তখন থেকেই সাংগঠনিক মনোভাব, অর্থাভাব আর বাউন্ডুলে জীবনের কারণে দশম শ্রেণির পর আর প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ হয়নি তাঁর। কৃষি ও কৃষকের উন্নয়নে যুক্ত হন কৃষি গবেষণায়। বাবলা গাছের বীজ জোগাড় কওে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা, চৈত্রবাড়ীয়া, খালিয়া, জহুরপুর ও কটুরাকান্দিসহ বিভিন্ন গ্রামের রাস্তার দুই ধারে লাগিয়ে দেন। তাতেই তাঁর নাম হয় ‘গাছ পাগল’ আইয়ূব। তিনি কৃষকের সমস্যা, সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরতে চেষ্টা করেছেন। এ সুবাদে দেশের কৃষক, কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদদের প্রিয়জন হয়ে ওঠেন তিনি। আজ রবিবার তাঁর মৃত্যুবাষির্কী উপলক্ষে কঠুরাকান্দি গ্রামে স্মরণসভার আয়োজন করেছে গাইদঘাট কৃষিপ্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্র।