কুন্দের জোড়া গোলে বার্সেলোনার জয়

0
কুন্দের জোড়া গোলে জয়ে ফিরল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক ॥ চ্যাম্পিয়ন্স লিগের শুরুতে গোল হজমের ধাক্কা সামলে অবশেষে জয়ের দেখা পেল বার্সেলোনা। বিরতির পর তিন মিনিটের মধ্যে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের জালে দুইবার বল পাঠিয়ে হান্সি ফ্লিকের দলকে জয়ের পথে ফিরালো জুল কুন্দে।

নতুন রূপের কাম্প নউয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলার উপলক্ষ রাঙাল কাতালান দলটি। মঙ্গলবার তারা জিতল ২-১ গোলে।

ম্যাচ জুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য করে বার্সেলোনা। প্রায় ৭৬ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৯ শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে তারা। ফ্রাঙ্কফুর্টের ৬ শটের ৪টি লক্ষ্যে ছিল।

ত্রয়োদশ মিনিটে এগিয়ে যেতে পারত লা লিগায় সবশেষ ছয় ম্যাচে জয়ী বার্সেলোনা। বক্সের বাইরে থেকে জেরার্দ মার্তিনের জোরাল শট এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান ফ্রাঙ্কফুর্ট গোলরক্ষক।

প্রথমার্ধে আর পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। বরং যোগ করা সময়ে আরেকটি গোল হজম করতে বসেছিল তারা। বক্সের মুখে ভালো পজিশনে বল পেয়ে উড়িয়ে মারেন শাখিরি।

দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামার তিন মিনিট পর দারুণ সুযোগ পান মার্কাস র‍্যাশফোর্ড। বল নিয়ে বক্সে ঢুকে নিজে শট না নিয়ে রাফিনিয়াকে পাস দেন তিনি, লক্ষ্যে রাখতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৫০ ও ৫৩তম মিনিটে ফ্রাঙ্কফুর্টের জালে বল পাঠিয়ে বার্সেলোনাকে এগিয়ে নেন কুন্দে। প্রথমে বাঁ দিক থেকে র‍্যাশফোর্ডের চমৎকার ক্রসে হেডে সমতা টানেন তিনি, এরপর লামিনে ইয়ামালের ক্রসে আরেকটি হেডে দলকে লিড এনে দেন ফরাসি ডিফেন্ডার।

৬৬তম মিনিটে লেভানদোভস্কি ও রাফিনিয়াকে তুলে ফেররান তরেস ও ফ্রেংকি ডি ইয়ংকে নামান বার্সেলোনা কোচ। দুই মিনিট পর ইয়ামালের পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে তরেসের নেওয়া শট পোস্টের একটু বাইরে দিয়ে যায়।

শেষ দিকে বল নিয়ন্ত্রণে রাখাতেই বেশি মনোযোগ দেয় বার্সেলোনা। তাই ব্যবধান আর বাড়েনি।