কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সেনা মোতায়েনের চিঠি

0

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সেনা মোতায়েনের জন্য চিঠি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে এই চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শো-ডাউন ও অন্যান্য কর্মসূচি করছে, যার মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

৬ জেলায় ৯ দিনের জন্য সেনা মোতায়েনের অনুরোধ

চিঠিতে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় নয় দিনের জন্য প্রয়োজনীয়সংখ্যক সেনা মোতায়েনের অনুরোধ করা হয়। ২২ থেকে ৩০ জুন ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে সেনাসদস্যরা কাজ করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

যেসব মহানগর ও জেলায় সেনা মোতায়েন হবে, তেমন একটি জেলার একজন জেলা প্রশাসক নাম প্রকাশ না করার শর্তে চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী ও সাম্প্রতিক ঝটিকা মিছিল

আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্র বলছে, দিনটি সামনে রেখে দলটি মিছিল, শো-ডাউন ও অন্যান্য বেআইনি কর্মসূচি পালন করতে পারে। সাম্প্রতিককালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা একাধিকবার ঝটিকা মিছিল করেছে। গত রোববার গাজীপুরে যুবলীগের নেতা-কর্মীদের মিছিল থেকে পুলিশকে উদ্দেশ করে হুমকির স্বর শোনা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে সরকার সতর্ক রয়েছে। এ কারণেই সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।

নিষেধাজ্ঞার প্রেক্ষাপট

জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। ২০২৫ সালের ১০ মে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। পরদিন ১১ মে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে এই নিষেধাজ্ঞা কার্যকর করে।

বিএনপি সরকারের আমলে গত ৮ এপ্রিল জাতীয় সংসদে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত কোনো সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের জারি করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুমোদন পায়। ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকে।

ঢাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিশেষ এই দিনটি উপলক্ষে রাজধানীজুড়ে ২০০টিরও বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ তল্লাশিচৌকি বসানো হবে। মহানগরের সবকটি প্রবেশপথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে। নিয়মিত পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ডিএমপির বিশেষায়িত ইউনিট। নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ১৮ হাজারেরও বেশি অফিসার ও ফোর্স দায়িত্ব পালন করবে।