উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস, সঙ্গে স্ত্রী-ছেলে

0
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরের পথে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার (১৫ মার্চ ২০২৬) বেলা ১১টা ১৭ মিনিটে তাকে বহনকারী একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

সিঙ্গাপুরে পৌঁছানোর পর তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল জানান, সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছায়। এরপর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে অ্যাম্বুলেন্স যোগে বিমানবন্দরে নেওয়া হয়।

মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল সিঙ্গাপুর গেছেন।

উল্লেখ্য, গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা ধরা পড়লে শুক্রবার (১৩ মার্চ) প্রায় পৌনে চার ঘণ্টা ধরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচার পরবর্তী পরিস্থিতি পর্যালোচনার পর মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে আজ দেশের বাইরে নেওয়া হলো।