কাঁঠালের বাজার মন্দা চৌগাছায়

0
ছবি: সংগৃহীত।

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ চৌগাছার হাট-বাজারে কাঁঠালের প্রচুর সরবরাহ থাকলেও দাম নিয়ে চরম হতাশ ব্যবসায়ীরা। গ্রাম থেকে তারা কাঁঠায় কিনে বাজারে নিয়ে তা লোকসানে বিক্রি করছেন বলে তাদের দাবি। গরম ও মৌসুমী ফল আমসহ অন্যান্য ফলের কারণে কাঁঠালের দাম কম বলে মনে করছেন ব্যবসায়ীরা।

হরেক রকমের ফল চাষাবাদের জন্যে বিখ্যাত যশোরের চৌগাছা। আম, জাম, কাঁঠাল, পেয়ারা, কুল, ড্রাগন, কমলালেবু, আঙুর সব ফলই আছে এ উপজেলায়। বর্তমানে বাজারে অন্যান্য ফলের সাথে আসতে শুরু করেছে কাঁঠাল। তবে অন্য যে কোন বছরের তুলনায় চলতি মৌসুমে কাঁঠালের দাম একেবারেই তলানিতে মনে করছেন ব্যবসায়ীরা।

এর অন্যতম কারণ বাজার বর্তমানে আমের দখলে। সেই সাথে প্রচন্ড গরমের কারণেও মানুষ কাঁঠাল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তবে গরম কমার সাথে সাথে কাঁঠালের দাম বেড়ে যাবে মনে করছেন অনেকে।

সোমবার চৌগাছার সাপ্তাহিক হাটের দিনে কাঁঠাল হাটে দেখা গেছে, প্রচুর পরিমাণে কাঁঠাল উঠেছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা গ্রামের পাড়া-মহল্লা থেকে কাঁঠাল কিনে ভ্যান বা আলমসাধুতে কওে তা বাজারে নিয়ে এসেছেন। কিন্তু দাম না পেয়ে হতাশ তারা।

কথা হয় ক্ষুদ্র ব্যবসায়ী উপজেলার আড়কান্দি গ্রামের সাইফুল ইসলামের সাথে। তিনি বলেন, আমি গ্রাম ঘুরে কাঁঠাল কিনে বাজারে বিক্রি করি। আজকে শতাধিক কাঁঠাল নিয়ে এসেছি। কিন্তু দাম খুবই কম। গ্রাম থেকে যে কাঁঠাল প্রতি পিস ৬৫/৭০ টাকায় কেনা পড়েছে সেই কাঁঠাল ব্যাপারীরা ৬০ টাকা বলছেন। তাই বিক্রি না করে বাড়িতে নিয়ে যাচ্ছি।

আড়পাড়া গ্রামের বাবলুর রহমান বলেন, এ বছর কাঁঠালের দাম খুবই কম। গত বছর যে কাঁঠাল ১শ থেকে ১২০ টাকায় বিক্রি করেছি এবার তা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

সাতক্ষীরা জেলা থেকে কাঁঠাল কিনতে এসেছেন ব্যাপারী মফিজুর রহমান। তিনি বলেন, অন্য বছর এই সময়ে আমাদের অঞ্চলে কাঁঠালের খুবই কদর থাকে। কিন্তু এ বছর এখনো কাঁঠালের প্রতি মানুষ আগ্রহী হয়ে ওঠেনি। যার কারণে মাত্র এক ট্রাক কাঁঠাল ক্রয় করেছি। এই কাঁঠাল সব বিক্রি করতে পারবো কিনা তা নিয়ে চিন্তায় আছি।

চৌগাছার সাধারণ হাটের ইজারাদার আতিকুর রহমান লেন্টু বলেন, কাঁঠালের মৌসুম শুরু হয়েছে মাত্র। অচিরেই জমজমাট হবে এই হাট। দামও বেড়ে যাবে।