কলারোয়ায় পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলে ৭০ হাজার গ্রাহক দিশেহারা

0

কে. এম. আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা) ॥ সাতক্ষীরার পল্লী বিদ্যুৎ সমিতির কলারোয়া জোনাল অফিসের ভুতুড়ে বিদ্যুৎ বিলে প্রায় ৭০ হাজার গ্রাহক দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলার অধিকাংশ গ্রাহকদের অভিযোগ, গত মার্চ মাসের তুলনায় এপ্রিলে বিদ্যুৎ বিল ২ থেকে ৩ গুণ বেশি এসেছে। আর এতে বিদ্যুৎ অফিস অতিরিক্ত প্রায় ২০ লক্ষাধিক টাকা আদায় করেছেন বলেও তাদের অভিযোগ।
গ্রাহকদের অভিযোগ, কলারোয়া পৌর সদরের ১নম্বর তুলশিডাঙ্গা ওয়ার্ডের সিরাজুল ইসলামের মিটার নম্বর-০০১১৯১১৫, মার্চ-২০২৩ মাসে তার বিদ্যুৎ বিলে ৮০ ইউনিট ব্যবহারে মোট ৪৬৪ টাকা পরিশোধ করেন, এপ্রিল-২০২৩ সরবরাহকৃত বিলে ২৩৫ ইউনিট ব্যবহার দেখিয়ে মোট ১৫৯২ টাকা বিল দেওয়া হয়েছে। ২ মে ২০২৩ তারিখে ওই মিটারে ২৪ দিনে বিদ্যুৎ ব্যবহার হয়েছে ৩৪ ইউনিট। একই বাড়ির ৬টি মিটারে একইভাবে এমন বিল দিয়েছে পল্লী বিদ্যুৎ অফিস। একই এলাকার গ্রাহক সামসুন্নাহারের মার্চের বিল ৪১৬ টাকা, এপ্রিলে এসেছে ১৭৩৮ টাকা।
২নম্বর তুলশীডাঙ্গা ওয়ার্ডের কে এম আনিছুর রহমানের মিটার নম্বর ২২১৫১৮১, মার্চ মাসের বিলে বিদ্যুৎ ব্যবহার হয় ১৭৫ ইউনিট, এপ্রিল মাসে ব্যবহৃত ইউনিট ৩২৫। অথচ ২ মে ২৪ দিনে ওই মিটারে বিদ্যুৎ ব্যবহার হয়েছে ৬০ ইউনিট। এইভাবে তার বাড়ি ৮টি মিটার আছে প্রত্যকটি মিটার রিডিং লেখা হয়েছে ২ থেকে ৩ গুণ বেশি। কলারোয়া বাজারের বাণিজ্যিক গ্রাহক রনির মার্চে বিল ১৪৩৫ টাকা, এপ্রিলে বিল ২৮৪৫ টাকা। গদখালি গ্রামের মোজাহিদের মার্চে বিল ৫৪৬ টাকা এপ্রিলে বিল ১৮২৫ টাকা। উপজেলার বসন্তপুর গ্রামের মিলনের মার্চে বিল ৪১৮ টাকা, এপ্রিলে বিল ১৪২৮ টাকা।
জানা গেছে, উপজেলার প্রায় ৭০ হাজার গ্রাহকের এমন বেশি বিল এসেছে। পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, গ্রাহক পর্যায়ে মূল্য ১-৭৫ ইউনিট ৪ টাকা ৮৫ পয়সা, ৭৬-২০০ ইউনিট ৬ টাকা ৬৩ পয়সা, ২০১-৩০০ ইউনিট ৬ টাকা ৯৫ পয়সা, ৩০১-৪০০ ইউনিট ৭ টাকা ৩৪ পয়সা, ৪০১-৬০০ ইউনিট ১১ টাকা ৫১ পয়সা, ৬০০ ইউনিটের ঊর্ধ্বে ১৩ টাকা ২৬ পয়সা হারে পরিশোধ করতে হয়। এ কারণে বিদ্যুতের ব্যবহার বেশি দেখিয়ে প্রতারণা করে গ্রাহকদের পকেট কাঁটা হয়েছে বলে অভিযোগ তুলেছেন গ্রাহকরা।
উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাড.কাজী আব্দুল্লাহ আল হাবিব বলেন, ভুলবশত হলে দুই একটা হতে পারতো। পল্লী বিদ্যুৎ ইচ্ছা করে এই কাজটা করেছে। যারা দিনমজুর, দিন আনে দিন খায়, তারা এই বিল কিভাবে পরিশোধ করবে ? পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অনুরোধ করবো যত তাড়াতাড়ি সম্ভব বিলের ঝামেলা মিটিয়ে ফেলবেন, গ্রাহকদের সাথে প্রতারণা করবেন না। আর ইতোমধ্যে যাদের কাছ থেকে এভাবে প্রতারণা করে বিল পরিশোধ করে নিয়েছেন তাদের দেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার অনুলোধ করেন কলারোয়া পার্শ্ববতী বিদ্যুৎ সমিতিকে।
কলারোয়া জোনাল অফিসের বিল প্রস্তুতকারী সুফিয়া খাতুন জানান, আমাদের মার্চ মাসের বিলে একটু সমস্যা হয়েছে। সমস্যার কারণ জানতে চাইলে তিনি বলেন, ঈদের আগে মিটার রিডিং লেখা হয়নি। নির্ধারিত দিন ছাড়া ২২ দিন পরে আমাদের মিটার রিডিং করা হয়েছে। মিটার রিডিং যারা লেখে তারা ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে। ফলে বিদ্যুৎ বিল বেশি এসেছে। পরবর্তী মাসে ঠিক হয়ে যাবে।
কলারোয়া জোনাল অফিসে সদ্য যোগদানকৃত ডিজিএম ওবাইদুল্লাহ বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। বিষয়টি আমি খতিয়ে দেখছি।’
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম জিয়াউর রহমান বলেন, মার্চ মাসে গরমের কারণে বিদ্যুৎ বেশি ব্যবহার হয়েছে। ফলে মিটার রিডিং বেশি উঠেছে। তারপরেও দুই একটি মিটারে যদি সমস্যা হয়, তাহলে সেটি আমি দেখবো। আমার জানা মতে, ঢালাওভাবে যে সমস্যার কথা বলছেন, এটা সঠিক না বলে মিটিংয়ে আছেন বলে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।