করোনায় শনাক্ত ও মৃত্যু কমছে যশোরে

0

স্টাফ রিপোর্টার ॥ করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ধরা পড়ার পর থেকে যশোরে গত প্রায় এক মাস ধরে মৃত্যুর হার একই অবস্থায় ওঠানামা করে। তবে শুক্রবার সেই ধারাবাহিতার একটু পরিবর্তন হয়েছে মৃত্যুর সংখ্যায়। এদিন জেলায় ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। জেলা স্বাস্থ্যবিভাগের দাবি গতকাল করোনা শনাক্ত হয়েছে মোট ৯৯ জন। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপশি টিকা গ্রহণের সংখ্যা বাড়লে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার আরও উন্নতি হবে বলে বলে জেলা সিভিল সার্জন জানিয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গেছে, শুক্রবার ২৪ ঘণ্টায় করোনায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ বলেন, করোনা ও উপসর্গ নিয়ে হাসপাতালের রেড জোনে ভর্তি রয়েছেন ৬৪ এবং ইয়েলো জোনে ২০ জন। গত ২৪ ঘণ্টায় রেড জোনে নতুন করে ভর্তি হন ১১ এবং ইয়েলো জোনে ১৭ জন। তিনি বলেন, এদিন হাসাপাতালে দুইজন করোনা রোগী মারা গেছেন। এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে জানানো হয়, যশোরের ৪০২টি নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর বাইরে হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২৭ ও জিন এক্সপার্টে ১ জনের পজিটিভ রেজাল্ট এসেছে। জেলা সিভিল সার্জন ডা. সেখ আবু শাহীন বলেন, করোনা সংক্রমণ রোধে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি করোনা টিকা গ্রহণের বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছি। কঠোর লকডাউন উঠে গেলেও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সরকারের পূর্বাদেশ বহাল রয়েছে। আশা করি মানুষ তার জীবন বাঁচানোর স্বার্থে করোনার ভয়াবহতা থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে বাইরে বের হবেন। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মানুষ যত টিকা গ্রহণ করবে করোনা সংক্রমণ ও মৃত্যুর হারও তেমন কমে যাবে। গত কয়েকদিনের জেলার সার্বিক চিত্র দেখে অনেকটা ইতিবাচক মনে হচ্ছে বলে তিনি জানান।