কক্সবাজারের এক যুবক যশোরে অস্ত্রসহ আটক,ইয়াবা চোরাকারবারী দাবি র‌্যাবের

0

 

 

স্টাফ রিপোর্টার ॥ কক্সবাজারের উখিয়া এলাকার আশিক মিয়া (২৭) নামে এক যুবককে আটক করেছেন যশোরের র‌্যাব সদস্যরা। গত মঙ্গলবার দিবাগত রাতে যশোর শহরের দড়াটানা এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১টি ওয়ান শ্যুটারগান উদ্ধারের দাবি করা হয়েছে। এছাড়া আটক যুবক কক্সবাজার এলাকার ইয়াবা চোরাকারবারী বলে দাবি করেছে র‌্যাব।
আটক আশিক মিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যাপালং এলাকার মৃত মনির হোসেনের ছেলে।
র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দড়াটানার আলী মঞ্জিল মার্কেটের পশ্চিম পাশে সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি ও মাদক ব্যবসার উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি অবস্থান করছেন। এ খবর পেয়ে তারা অভিযান চালিয়ে সেখান থেকে আশিক মিয়া নামে এক যুবককে আটক করেন। পরে তার কাছ থেকে ১টি ওয়ার শ্যুটারগান উদ্ধার করা হয়। সূত্র জানায়, খোঁজখবর নিয়ে জানা গেছে, আটক যুবক কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকেন। এর আগে তিনি ঢাকার ডেমরা থানা ও নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের হাতে বিপুল পরিমানে ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়েছিলেন। তার বিরুদ্ধে ওই দুটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও রয়েছে।