চৌগাছায় স্বর্ণের দোকানে চুরি, ১০ লাখ টাকার অলংকার লুটের দাবি ব্যবসায়ীর

0
যশোরের চৌগাছায় একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। শাটারে তালা ভেঙে প্রায় ১০ লাখ টাকার স্বর্ণ ও রূপার অলংকার লুট করে নিয়ে গেছে চোরচক্র।। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার চৌগাছা যশোর ॥ যশোরের চৌগাছায় ফের একটি স্বর্ণের দোকানে চুরি সংঘটিত হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে সরকারি হাইস্কুল সড়কে ইসলামী ব্যাংকের সামনে অবস্থিত ‘বীনা জুয়েলার্স’ নামের দোকানে এই দুঃসাহসিক চুরি হয়। ভুক্তভোগী ব্যবসায়ী ইমরান হোসেন মিঠু দাবি করেছেন, চোরেরা প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী ইমরান হোসেন মিঠু জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পর বৃহস্পতিবার সকালে বাজারে এসে তিনি দেখতে পান তার ব্যবসা প্রতিষ্ঠানের সাটার বাঁকা করা রয়েছে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় দোকানের সাটার খুলে চুরির বিষয়টি নিশ্চিত হন তিনি।

তাঁর ভাষ্যমতে, চোরচক্র সাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শোকেচে সাজিয়ে রাখা চার ভরি স্বর্ণ এবং কুড়ি ভরি রুপার অলংকার নিয়ে গেছে। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ, বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাধারণ ব্যবসায়ীরা বলেন, নিয়মিত নাইটগার্ডের বেতন দেওয়া সত্ত্বেও কেন বারবার চুরির ঘটনা ঘটছে এবং নাইটগার্ডদের দায়িত্বে কোনো অবহেলা আছে কি না তা খতিয়ে দেখা দরকার। অতীতে ঘটে যাওয়া কোনো চুরির ঘটনারই কুলকিনারা না হওয়ায় অপরাধীদের দৌরাত্ম্য বাড়ছে বলে অভিযোগ করেন তারা।

চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি হাসিবুল ইসলাম বলেন, দায়িত্ব গ্রহণের পর বাজার শান্ত থাকলেও থেমে থেমে চুরির ঘটনায় তারা উদ্বিগ্ন এবং প্রশাসনের সাথে আলোচনা করে এর সমাধান করা হবে।

সমিতির সভাপতি ও পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার জানান, একটি চক্র দিনে ক্রেতা সেজে দোকান চিহ্নিত করে রাতে চুরি করছে এবং ব্যবসায়ীদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।