ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ ইনকিলাব মঞ্চের

0
নিহত ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের অবস্থান ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। অবরোধের ফলে ব্যস্ততম এই মোড়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের অবরোধ স্থল থেকে ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাঁরা শাহবাগ চত্বর ছাড়বেন না। প্রয়োজনে এখানেই রাত্রিযাপন করার হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে সকালে সংগঠনের ফেসবুক পেজ থেকে দেশব্যাপী দোয়া ও বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। অবরোধ চলাকালে নেতা-কর্মীদের ‘এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে’, ‘লীগ ধর, জেলে ভর’—সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে রিকশায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলেও গত ১৮ ডিসেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ তাঁর রুহের মাগফিরাত কামনায় দেশজুড়ে দোয়া ও মোনাজাতও পালিত হয়েছে।