এমপি মমতাজ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাতক্ষীরায় যুবক আটক

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) মমতাজ বেগম সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় মাছুম বিল্লাহ ওরফে সোহাগ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে। পুলিশ সূত্র জানায়, গতকাল সোমবার ভোররাতে সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের সহায়তায় মানিকগঞ্জের সিঙ্গাইর থানার এসআই আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ ওই যুবককে নিজ বাড়ি থেকে আটক করে। শ্যামনগর থানা পুলিশের ওসি বলেন, এমপি মমতাজ বেগমকে উদ্দেশ্য করে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অপরাধে মমতাজ বেগমের পক্ষে সিঙ্গাইর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান সিঙ্গাইর থানায় গত ৫ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এ মামলায় মাছুম বিল্লাহকে আটক করা হয়েছে। সিঙ্গাইর থানার ওসি আব্দুস সত্তার মিয়া বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আটক যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।