এনসিপি নয়, স্বতন্ত্র নির্বাচন করবেন ডা. তাসনিম জারা

0
তাসনিম জারা ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসনের জন্য এই ঘোষণা দেন।

তাসনিম জারার ফেসবুক পোষ্টের স্ক্রিণশট

ডা. তাসনিম জারা জানান, রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে সেবা করার স্বপ্ন থাকলেও বর্তমান বাস্তবিক প্রেক্ষাপটে তিনি স্বতন্ত্র পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। জনগণের প্রতি দেওয়া ওয়াদা রক্ষা এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রত্যয়ে তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। তিনি উল্লেখ করেন, দলীয় সমর্থন না থাকায় তাঁর কোনো সুসংগঠিত কর্মী বাহিনী বা রাজনৈতিক সুরক্ষা থাকবে না, তাই সাধারণ মানুষের সমর্থনই তাঁর একমাত্র ভরসা।

নির্বাচনী আইনের বাধ্যবাধকতা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হতে ঢাকা-৯ আসনের ৪,৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহের কাজ আগামীকাল থেকে শুরু করবেন তাসনিম জারা। এছাড়া, দলীয় প্রার্থী হিসেবে থাকার সময় যারা তাঁর নির্বাচনী ফান্ডে অর্থ অনুদান দিয়েছিলেন, তারা চাইলে তা ফেরত নিতে পারবেন বলেও তিনি ঘোষণা করেছেন। খিলগাঁওয়ে বেড়ে ওঠা এই চিকিৎসক নেত্রী এলাকার মানুষের স্নেহ ও সমর্থন নিয়ে সংসদে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।