এক রাশেদেই অতিষ্ট দামুকদিয়া

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ রাশেদ মিয়া। বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে। গ্রামে তিনি গড়ে তুলেছেন ক্যাডার বাহিনী। করছেন অন্যের জমি দখল, প্রতিপক্ষকে গ্রামে থাকতে নিচ্ছেন চাঁদা, না দিলে করছেন হামলা-ভাঙচুর, থাকতে দিচ্ছেন না গ্রামে। হামলা থেকে রেহাই পাচ্ছেনা নারী,শিশু ও বৃদ্ধ। তিনি আবার গ্রামের মাতব্বরও। প্রতিনিয়ত গ্রামে হামলা, জমি দখলসহ নানা অপকর্ম করে আসছেন। তার ও ক্যাডারদের ভয়ে মুখ খুলতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। তাদের অত্যাচারে প্রায় দুই বছর ৭০টি পরিবার বাড়ি ছাড়া ছিল। তাদের মধ্যে অনেকেরই গ্রামে ঢুকতে দামুকদিয়া গ্রামের মাতব্বর রাশেদ,পিন্টু,বাবুসহ কয়েকজনকে দিতে হয়েছে মোটা অঙ্কের টাকা। সম্প্রতি সংবাদ প্রকাশের পর প্রশাসনের হস্তক্ষেপে বাড়ি ফিরেছেন তারা। তবে তাদের করতে দেয়া হচ্ছে না চাষাবাদ,চায়ের দোকান ও ভ্যানেও উঠতে দেয়া হচ্ছে না। বাড়ি থেকে বের হলেই আতঙ্ক বিরাজ করছে তাদের মনে। সর্বশেষ রোববার রাতে সাবেক চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু সমর্থিত দামুকদিয়া গ্রামের আওয়ামী লীগ কর্মী চঞ্চল ও উজ্জলের বাড়িতে গ্রামের মাতব্বর রাশেদ,পিন্টু,বাবুর নেতৃত্বে অতর্কিত হামলা চালান ওই গ্রামের বাদশা জোয়াদ্দার,মিজানুর,জীবন,আকা,আশরাফুল জোয়াদ্দার,ফিরোজ জোয়াদ্দার,আরি জোয়াদ্দার,বিদ্যুৎসহ প্রায় ৩০ জন। এ সময় ঘরের টিনের বেড়া ভাংচুর করা হয়। পিটিয়ে আহত করা হয় চঞ্চল,লাকি ও তার মেয়ে মিরাকে । আহতরা বর্তমানে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত লাকি খাতুন বলেন, রোববার রাতে সবাই ঘুমিয়ে পড়লে প্রায় ৩০ জন অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও তাদেরকে পিটিয়ে আহত করে। জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান তিনি।
এসব অভিযোগ অস্বীকার করে রাশেদ মিয়া জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে। থানা পুলিশের সাথে আমার ভালো সম্পর্ক আছে। তারা জানেন আমি কেমন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় আনা হবে।