এক ম্যাচে ২৯ গোল, আবাহনী-রাসেল লড়াইয়ে অবিশ্বাস্য কাণ্ড!

0

লোকসমাজ ডেস্ক॥ গোল ফুটবলের আসল সৌন্দর্য। তাই বলে এত গোল! হোক না টাইব্রেকারে, তবু ফুটবলে এক ম্যাচে ২৯ গোল দেখার সৌভাগ্য কজনেরই বা হয়? আজ তেমনই অবিশ্বাস্য এক লড়াই উপভোগ করলেন ঢাকার ফুটবল দর্শকরা। আবাহনী ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যেকার ফেডারেশন কাপ ফুটবলের ম্যাচে মোট গোল হয়েছে ২৯ টি। এর মধ্যে ম্যাচে ৪টি এবং ২৫টি টাইব্রেকারে। নির্ধারিত সময়ের ম্যাচের ৮ মিনিটে আবাহনীর ডরিয়েলটন গোল করেন। ২০ মিনিটে রাসেলের মান্নাফ রাব্বী গোল করে সমতায় ফেরান। ৬১ মিনিটে ডরিয়েলটন আবার এগিয়ে দেন আবাহনীকে। ৮৪ মিনিটে রাসেলের এইলটন গোল করে করলে ম্যাচ শেষ হয় ২-২ সমতায়। ‘বি’ গ্রুপের শীর্ষ দল কে হবে, তা নির্ধারণের জন্য দেওয়া হয় টাইব্রেকার। সেখানে দুই দলের গোল সমান হলে খেলা গড়ায় সাডেনডেথে। সেখানেও একের পর এক গোল হতে থাকে। শেষ পর্যন্ত রাসেল ১৩ গোল করলে আবাহনী থামে ১২টিতে। শেখ রাসেল টাইব্রেকারে ১৩-১২ গোলে জিতে হয় গ্রুপসেরা। এমনিতেই এবারের ফেডারেশন কাপ জন্ম দিচ্ছে নতুন এবং উদ্ভট সব ঘটনার। তিন দলের না খেলা, খেলা শেষ হওয়ার পর ক্লাবে ফিরতে রওয়ানা দেওয়া দলকে এনে টাইব্রেকার করা-এমন অনেক কিছুই হচ্ছে। তবে আগের ঘটনাগুলোর জন্য বাফুফের দিকে আঙুল তোলা গেলেও বুধবার কমলাপুরে আবাহনী ও রাসেলের ম্যাচে যা হলো, তা নতুন এক বিনোদন। এখানে বাফুফে বা রেফারির কোনো দায় নেই। টাইব্রেকারের ৫ শটের মধ্যে দুই দল করেছিল ৪টি করে গোল। এর পর সাডেন ডেথ। সেখানে হচ্ছিল গোলের পর গোল। ১২-১২ হওয়ার পর রাসেলের নাসির উদ্দিন চৌধুরী গোল করতে পারলেও পারেননি আবাহনীর ইমন মাহমুদ বাবু।