অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান, জব্দ ৩ যানবাহন

0
ছবি: লোকসমাজ।

অনলাইন রিপোর্টার ॥ যশোর শহরের প্রধান ও ব্যস্ততম সড়কগুলোতে যানজট নিরসন এবং যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে কঠোর অবস্থানে নেমেছে জেলা ট্রাফিক পুলিশ। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে বিশেষ অভিযান চালিয়ে তিনটি যানবাহন জব্দ এবং ১০টি গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে শহরের পাইপপট্টি, মাইকপট্টি এবং চিত্রার মোড় এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়।

দীর্ঘদিন ধরে এই পয়েন্টগুলোতে অবৈধ পার্কিংয়ের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল, যা সাধারণ মানুষের চলাচলেও বিঘ্ন ঘটাচ্ছিল। অভিযান চলাকালে সড়কের ওপর যত্রতত্র পার্ক করে রাখা একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। একই সঙ্গে ট্রাফিক আইন অমান্য করায় আরও ১০টি যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে যশোর ট্রাফিক পুলিশের ইনচার্জ পরিদর্শক মাহফুজুর রহমান জানান, শহরের শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। সড়ক ফাঁকা রাখতে এবং অবৈধ পার্কিং বন্ধে চালক ও মালিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।