ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে যশোরাঞ্চলের সড়ক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বারোপ

0

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতে সড়ক নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার যশোর কালেক্টরেট ভবনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যশোর জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় এ বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে যশোর জেলার সড়ক নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

সভায় উপস্থিত অধিকাংশ নেতৃবৃন্দ বলেন, ঈদে স্বাচ্ছন্দ্যে বাড়ি যাওয়ার জন্য বেশিরভাগ মানুষেরই ভরসা সড়ক যোগাযোগ। তাই ঈদের সময় স্বাভাবিকের চেয়ে সড়কে যাত্রী বেড়ে যায় কয়েক গুণ। এতে ঈদের ছুটিতে ঘরে ফেরা মানুষের যাতায়াতে ভোগান্তি বাড়ার শঙ্কা রয়েছে। এজন্য সড়কে যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সে জন্য হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে হবে।

সভায় বলা হয়, ঈদের সময় অনেক যাত্রী গভীর রাতে পরিবহনযোগে গন্তব্যে যাবেন। এজন্য এই যাত্রীরা যাতে কোনো প্রকার ছিনতাই-ডাকাতির কবলে না পড়েন সে জন্য পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল জোরদার করতে হবে। বিশেষ করে ঈদকে ঘিরে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়টিও গুরুত্ব দিতে হবে।

সভায় যশোরে সাম্প্রতিক যানজট নিরসনে পুলিশের ভুমিকার প্রশংসা করা হয়। তবে শহরের উপশহর নিউমার্কেট শিক্ষাবোর্ড প্রাচীর সংলগ্ন অবৈধ গাড়ির পার্কিংয়ের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। এসময় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে কথা বলে এর সমাধান করা হবে বলে জানানো হয়। একই সাথে রাত ১১ টার আগে যাতে শহরে কোনো ভারি যানবাহন প্রবেশ করতে না পারে সে বিষয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত প্রায় সকলেই ঈদের অন্তত ১০ দিন আগে থেকে সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক, নসিমন, সিএনজি, অটোরিকশা বন্ধ রাখার জন্য হাইওয়ে পুলিশকে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান। এসময় হাইওয়ে ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এসব পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয়। একই সাথে ঈদে সড়ক দুর্ঘটনা এড়াতে বেপরোয়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই- আলম সিদ্দিকী, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, ট্রাফিক ইনসপেক্টর মাহফুজুর রহমান, যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মো. আবু হাছান, সাধারণ সম্পাদক মোর্তজা হোসেন প্রমুখ।