ঈদে বেড়াতে বেরিয়ে ফুচকা খেয়ে অসুস্থ অর্ধশত

0
  1. লোকসমাজ ডেস্ক।। যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে শিশু ও অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ৫০ জন অসুস্থ’ হয়েছেন। তাদের মধ্যে ৪০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অন্যরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকরা জানান, খাবার প্রস্তুতে ত্রুটির কারণে একযোগে এত মানুষ পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন।
হাসপাতালে ভর্তি রোগীরা জানান, অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব ব্রিজের পূর্বপাশে জনৈক মনিরুজ্জামানের চটপটির দোকান রয়েছে। সেখানে হাড়ি ফুচকা নামে ফুচকা বিক্রি হচ্ছিল। ঈদের দিন বিকেলে সেখান থেকে অনেকে ফুচকা খান। রাত ১২টার দিকে তাদের বমি ও ডায়রিয়া শুরু হয়। মঙ্গলবার সকাল থেকে হাসপাতালে ভর্তি হতে থাকে অসুস্থরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহমুদুর রহমান রিজভী জানান,  মঙ্গলবার বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে রোগী ভর্তি শুরু করেছে। আস্তে আস্তে রোগীর পরিমাণ বাড়তে থাকে। দুপুর পর্যন্ত অন্তত অর্ধশতাধিক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। ৪০ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে শিশু ও গর্ভবতী নারীসহ গুরুতর কিছু রোগী রয়েছে।
এদিকে ফুচকা খেয়ে অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে বিক্রেতা মনিরুজ্জামান পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।