ইলিশের কম দাম যশোরের বাজারে 

0

শেখ আব্দুল্লাহ হুসাইন ॥ ভরা মৌসুমে শ্রাবণের মাঝামাঝি এসে যশোরে ইলিশ মাছের কিছুটা সরবরাহ বেড়েছে। সপ্তাহের ব্যবধানে বাজারে প্রতি কেজি ইলিশে কমেছে ৩ থেকে ৪শ টাকা। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বেড়ে আগামী সপ্তাহে আরও কিছুটা দাম কমতে পারে। এদিকে অবিরাম বর্ষার ক্ষতিতে সবজির বাজার এখনও উত্তাপ ছড়াচ্ছে। মাসখানেক ধরে অপরিবর্তিত রয়েছে চালের বাজার। কমেনি ডিম,মুরগি ও মাংসের দাম। রোববার যশোর শহরের বড় বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

ভরা মৌসুমে শ্রাবণ মাসের মাঝামাঝি এসে যশোরে ইলিশ মাছের সরবরাহ কিছুটা বেড়েছে। যশোর বাজারে ইলিশ সরবরাহ করেন এমন একজন বরগুনার পাথরঘাটা উপজেলার আড়তদার বাবুরাম কর্মকার রোববার লোকসমাজকে বলেন, এখন ইলিশের ভরা মৌসুম চলছে। কিন্তু এ বছর নদীতে আশানুরুপ ইলিশ পাওয়া যাচ্ছে না। নিম্নচাপের কারণে সাগরও উত্তাল, মাছধরা ট্রলারগুলো ঘাটে ভিড়ানো। আজকালের মধ্যে জেলেরা মাছ শিকারে আবারও সাগরে রওনা দেবেন। তিনি আশা করছেন, আগামী সপ্তাহে জেলেরা কাক্সিক্ষত মাছ শিকার করে আনতে পারবেন এবং বাজারে দামও আরও কমে আসবে।

রোববার বড় বাজার মাছবাজারে ১ কেজি ২শ/৩শ গ্রাম ওজনের নদীর ইলিশের কেজি বিক্রি হয়েছে ২৬শ টাকা, ৮শ/৯শ গ্রাম ইলিশের কেজি ২ হাজার/২২শ টাকা, ৪ পিস কেজি ইলিশ ১ হাজার/১১শ টাকা, ৫ পিস ইলিশের কেজি ৮শ টাকা। আর সাগরের ইলিশ ৩ পিস কেজি ১হাজার টাকা ও ২পিস কেজি ১২শ/১৩শ টাকা। খুচরা মাছ বিক্রেতা ইকরাম বিশ্বাস জানান, ইলিশের সরবরাহ কিছুটা বেড়ে গত সপ্তাহের থেকে দাম প্রতি কেজিতে ৩শ/৪শ টাকা কমে এসেছে।

এদিকে সাম্প্রতিক বর্ষায় যশোর অঞ্চলে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। বাজারে এখনও দাম অনেক চড়া। রোববার বড় বাজারে মানভেদে গাজর বিক্রি হয়েছে প্রতি কেজি ১৪০ টাকা, টমেটো ১১০/১২০ টাকা, বেগুন ১০০/১১০ টাকা, বরবটি ৮০ টাকা, শসা ৮০ টাকা, করোলা ৮০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, ঝিঙে ৭০ টাকা। বড় বাজার এইচএমএম রোডের আড়তদার শাহাবুদ্দিন মাতব্বর জানান, সাম্প্রতিক অবিরাম বৃষ্টিতে যশোর অঞ্চলে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে মেহেরপুর, চুয়াডাঙ্গা, চৌগাছা থেকে বড় বাজারে সবজি আসছে। এ কারণে বাজারে সরবরাহ ঠিক আছে। ওইসব অঞ্চল থেকে যশোরে সবজি না আসলে আরও অনেক বেশি দাম বেড়ে যেত। তিনি আরও বলেন, যশোরে সবজির সমস্যা কাটিয়ে উঠতে এখনও মাস দেড়েক সময় লাগবে।

বড় বাজার চালবাজারে মাসখানেক ধরে অপরিবর্তিত রয়েছে চালের দাম। রোববার মানভেদে বাংলামতি চালের কেজি ৮৪/৮৬ টাকা, মিনিকেট ৬২/৭০ টাকা, ব্রি-৬৩ চাল ৬৮/৭০ টাকা, ব্রি-৪৯ চাল ৫৮ টাকা, ব্রি-২৮ চাল ৫৮/৬০ টাকা, কাজললতা ৬৬ টাকা, স্বর্ণা ৫২/৫৩ টাকা ও হীরা ৫০ টাকা দরে বিক্রি হয়েছে। যশোর বড় বাজার চাল ব্যবসায়ী সমিতির সভাপতি সুশীল কুমার বিশ্বাস জানান, মৌসুমের প্রথম দিকে অনেকে ঘরে বেশি করে খাওয়ার চাল কিনে রেখেছেন। এ কারণে বাজারে ক্রেতাও কম। এর প্রভাব ধানের হাটেও পড়েছে। বর্তমানে হাটে প্রতি মণ ধান ৫০/৬০ টাকা কমে বিক্রি হচ্ছে।

বাজারে খামারের মুরগির ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। এ সপ্তাহে প্রতি হালি ডিম ৪০ টাকায় বিক্রি হয়েছে। খামারের ব্রয়লার বিক্রি হয়েছে প্রতি কেজি ১৭০ টাকা, সোনালি ২৯০ টাকা ও লেয়ার ৩শ টাকা। তাছাড়া বড় বাজার কাঠেরপুলে গরুর মাংসের কেজি ৭৫০ টাকা দরে বিক্রি হয়েছে।