ইরানকে অস্ত্র সরবরাহ করলে চীনের ওপর ‘চরম হতাশ’ হবেন ট্রাম্প

0
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।। ফাইল ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তবে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওপর ‘চরম হতাশ’ হবেন। একইসঙ্গে তিনি এও জানিয়েছেন যে, এ বিষয়ে শি জিনপিংয়ের কাছ থেকে তিনি অস্ত্র না দেওয়ার ব্যাপারে ভিন্ন ধরনের আশ্বাস পেয়েছেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন।

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরান চীনে তৈরি ৩০০ থেকে ৪০০টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা (ম্যানপ্যাডস) পেতে পারে। সম্ভাব্য এই অস্ত্র চুক্তির মূল্য ৬ থেকে ৭ কোটি মার্কিন ডলার হতে পারে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রয়টার্সের এই প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ‘শি জিনপিং আমাকে খুব দৃঢ়ভাবে বলেছেন যে, তিনি এই ধরনের কোনো পদক্ষেপে জড়িত থাকবেন না। তিনি ভালো করেই জানেন, যদি এমনটি সত্যিই ঘটে, তাহলে আমি খুবই হতাশ হবো।’

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছিল যে, চীন ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জোর প্রস্তুতি নিচ্ছে। তবে ওয়াশিংটনে নিযুক্ত চীনের দূতাবাস যুক্তরাষ্ট্রের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

এদিকে চীন থেকে ইরানের কাছে সম্ভাব্য অস্ত্র সরবরাহের এই গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত বেইজিং বা তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত বিবৃতি বা তথ্য প্রকাশ করা হয়নি।