ইফতার আয়োজন করে জেলে যেতে হয়েছে বিএনপি নেতা কর্মীদের : অনিন্দ্য ইসলাম অমিত

নগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড শাখার ইফতার মাহফিলে

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত পতিত আওয়ামী লীগ সরকারের নির্যাতনের কথা স্মরণ করে বলেছেন, পবিত্র মাহে রমজানের ইফতার আয়োজন পর্যন্ত করতে দেয়নি।

আবার ইফতার আয়োজন করার কারণে বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছিল। তারপরও বিএনপি দেশ ও জনগণের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আন্দোলনের মাঠে অবিচল থেকেছে।

গতকাল যশোর নগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্থানীয় নাজির শংকরপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিগত ১৬ বছর বিএনপি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। জনগণের সকল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাসহ তাদের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নিশ্চিত করার আন্দোলন করতে গিয়ে আমাদের হাজারো নেতা-কর্মীকে হারিয়েছি। কেউ খুন আবার কেউবা গুমের শিকার হয়েছেন। আমাদের দলের ৬০ লাখ নেতা-কর্মী মিথ্যা মামলার শিকার হয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওহাব কালু, সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ লিটন, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী প্রমুখ।