ইতিহাস গড়ে আইপিএলে দল পেলেন ১৩ বছরের বৈভব

0

স্পোর্টস ডেস্ক॥ সৌদি আরবের জেদ্দায় চলছে দুই দিনব্যাপী আইপিএলের মেগা নিলাম। গতকাল সোমবার নিলামের দ্বিতীয় ও শেষ দিন। দ্বিতীয় দিনে দল পেয়েছেন ভারতের আলোচিত ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী।
সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএলে দল পেয়ে ইতিহাস গড়েছেন বৈভব। ১ কোটি ১০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস।
বয়স মাত্র ১৩ হলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বৈভব। এরই মধ্যে খেলেছে রঞ্জি ট্রফিতে। বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনার জন্ম দিয়েছিল বৈভব। যদিও শুরুটা তেমন ভালো হয়নি।
এছাড়া হেমান ট্রফি, কোচবিহার ট্রফিতেও খেলেছে ১৩ বছর বয়সী এই ক্রিকেটার। বিহারের আন্তঃজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করেছিলেন বৈভব। এরপর ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে করেন ৪০০ রান।
বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রানধির বার্মা অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরিও আছে বৈভবের। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এক বছরে বৈভব বিভিন্ন টুর্নামেন্টে মোট ৪৯টি সেঞ্চুরি করেছে, এমন দাবিও নাকি করেন অনেকে।
আইপিএলের দুই দিনব্যাপী মেগা নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। প্রথম দিনে তোলা হয় ৮৪ জনকে। নিলাম থেকে মোট ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন।