ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতা: ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডুতে সংঘর্ষে ৬ জন আহত, গুলিবর্ষণ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ২৬ ডিসেম্বর চতৃর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটেছে। সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ডেফলবাড়িয়া গ্রামে বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। সদর উপজেলার দোগাছি কেন্দ্রেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। হরিশংকপুর ইউনিয়নের বাকড়ী গ্রামে একটি বাগানের কমলা লুট হয়েছে। হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের হিজলী গ্রামে আব্দুল হাকিম নামে এক মেম্বার প্রার্থীর ওপর হামলা হয়েছে। নির্বাচনের পর রবিবার রাতে ও সোমবার এসব ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ডেফলবাড়ীয়া গ্রামে নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হন মো. জয়নুদ্দিন। সোমবার সকালে জয়নুদ্দিনের সমর্থক আশরাফুল ইসলাম সাহেব বাজারে গেলে পরাজিত মেম্বার প্রার্থী কলিম উদ্দিনের সমর্থকেরা তাকে মারধর করে। এ ঘটনার জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দোগাছি কমিউনিটি সেন্টারে ভোট গণনা শেষে রেজাল্ট দিতে দেরি হওয়ায় গ্রামবাসী ভোট কেন্দ্রে হামলা চালায়। মোরগ মার্কার সমথকেরা প্রথমে কেন্দ্রে ইটপাটকেল ও পরে দলবদ্ধ ভাবে কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে চাইলে আনসার সদস্যরা ৫ রাউন্ড ফাঁকা গুলি চালায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দায়িত্বরত আনসার কমান্ডার আলমগীর হোসেন জানান, পরে স্ট্রাইকিং ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ভীত সন্ত্রস্ত্র হয়ে পড়েন। এদিকে হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের হিজলী গ্রামের মেম্বার প্রার্থী আব্দুল হাকিম রবিবার রাত ৯টার দিকে পলিয়ানপুর গ্রামে দোকানে চা পান করছিলেন। এ সময় অপর প্রার্থী আব্দুল আলীম তার সহযোগী রানা ও সোহাগকে সঙ্গে নিয়ে তার ওপর হামলা চালায়। তিনি এ বিষয়ে হরিণাকুন্ডুর রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিলেও এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, সদরের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আহতদের পক্ষ থেকে অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।