ইউপি নির্বাচনে প্রার্থী ঘোষণার দেওয়ার পর থেকে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে জুয়েল আক্তার মুন্সী নামে এক আয়কর আইনজীবী হুমকি, হয়রানি, অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ এনেছেন প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। ইছালী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণার পর থেকে এ ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

এমন অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন জুয়েল। রোববার প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জুয়েল আক্তার মুন্সী এসব অভিযোগ করেন।

জুয়েল আক্তার মুন্সী বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে ইছালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। এতে তার জনসমর্থন বাড়তে থাকায় একটি পক্ষ তার সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি অভিযোগ করেন, গত ২২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে সাইফুজ্জামান নামে এক ব্যক্তি কিছু লোকজন নিয়ে মনোহরপুর বাজারে তার বাড়িতে যান। এ সময় তারা তাকে গালিগালাজ করে চার লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করেন জুয়েল।

তার দাবি, এলাকার সাইফুজ্জামানের স্ত্রী নিশি খাতুনের সঙ্গে তার বৈবাহিক বিরোধ ও তালাকের ঘটনায় চার লাখ টাকা আত্মসাৎ করেছেন-এমন অভিযোগ তুলে তার কাছে ওই টাকা দাবি করা হয়।

জুয়েল আক্তার মুন্সী বলেন, পারিবারিক বিরোধের সময় সাইফুজ্জামান তার কাছে আইনি সহযোগিতা চাইলে তিনি আইনজীবী হিসেবে সহযোগিতার আশ্বাস দেন। পরে সাইফুজ্জামানের পরিবারের সদস্যদের সঙ্গে পাবনার ঈশ্বরদী থানায় গেলেও তার স্ত্রী নিশি খাতুনের সঙ্গে তার কোনো সাক্ষাৎ বা আলোচনা হয়নি।

পরবর্তীতে তিনি জানতে পারেন, গত ২৭ জুলাই দুই পরিবারের সমঝোতার মাধ্যমে তাদের তালাক সম্পন্ন হয় এবং দেনমোহর বাবদ চার লাখ টাকা পরিশোধ করা হয়। ওই অর্থ লেনদেনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না বলেও দাবি করেন জুয়েল।

সংবাদ সম্মেলনে জুয়েল আক্তার মুন্সী বলেন, এসব ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং আদালতে মামলাও করেছেন। বিষয়গুলো তদন্তাধীন থাকলেও তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে তার স্ত্রী জিনিয়া জুয়েল, ভাই অভি মুন্সী ও নিকটাত্মীয় আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।