ইউটিউব দেখে আঙুর চাষে সফল মহেশপুরের আব্দুর রশিদ

0
ছবি: সংগৃহীত।

জিয়াউর রহমান জিয়া, মহেশপুর (ঝিনাইদহ)॥ মহেশপুর উপজেলার যুগীহুদা গ্রামের কৃষক আব্দুর রশিদ কয়েক বছর আগেও ছিলেন প্রচলিত ফসলের চাষি। ধান, পাট কিংবা সবজির বাইরে অন্যকোন ফসল নিয়ে খুব একটা ভাবেননি কখনো। তবে ইউটিউব ঘেঁটে আঙুর চাষে অগ্রহী হয়েছে। এখন এ চাষ বাণিজ্যিক রূপ নিয়েছে।

বর্তমানে তার প্রায় পাঁচ বিঘা জমিজুড়ে গড়ে উঠেছে আঙর বাগান। সেখানে দেশি-বিদেশি মিলিয়ে রয়েছে প্রায় ২২ জাতের আঙুর রয়েছে। বাগানের প্রতিটি গাছে ঝুলছে থোকায় থোকায় পাকা ফল। প্রতি কেজি আঙুর বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা দরে।

চাষি আব্দুর রশিদ জানান, শুরুতে দশ কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে আঙুর চাষ করি। ইউটিউবে ভিডিও দেখে চারা রোপণ, মাচা তৈরি, ছাঁটাই, রোগবালাই দমনসহ বিভিন্ন বিষয়ে ধারণা নিই। পরে কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিই।

তিনি আরো বলেন, শুরুতে প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছিল। তখন অনেকেই বলেছিল দেশে আঙুর হবে না। কিন্তু এখন প্রতি মৌসুমে কয়েক লাখ টাকার আঙুর বিক্রি করছি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর মহেশপুর উপজেলায় প্রায় ৭.০৯ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে আঙুর চাষ হচ্ছে।