ইউক্রেনের অস্ত্রভাণ্ডারে রুশ ড্রোন হামলায় নিহত অন্তত ৩৭ জন

0
রাজধানীর পশ্চিমে অবস্থিত গুদামটিতে গোলাবারুদ সংরক্ষণ করা হচ্ছিল কী-না, তা তদন্ত করে দেখা হচ্ছে।। ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে বুচা জেলার মিলা গ্রামে সামরিক বাহিনীর একটি অস্ত্র ও গোলাবারুদের ডিপোতে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার পাশে অবস্থিত সামরিক অস্ত্রাগারটিতে এ হামলা চালানো হয়।

ড্রোন হামলায় গুদামে থাকা গোলা, মাইন ও ড্রোনের উৎক্ষেপক বুস্টারে একের পর এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যার ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

বিস্ফোরণের প্রচণ্ডতায় আশপাশের প্রায় ১৩০টি বসতবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি নিকটস্থ বয়স্ক ও প্রতিবন্ধীদের একটি পরিচর্যা কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর ওই এলাকা থেকে প্রায় ৪০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আঞ্চলিক প্রধান তিমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, বিস্ফোরণে চার শিশুসহ অন্তত ৪২ জন আহত হয়েছেন এবং শনিবার পর্যন্ত ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত ছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, তাদের বাহিনী কিয়েভের পশ্চিমে মিলা গ্রামে ইউক্রেনীয় বাহিনীর একটি গোলাবারুদ গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই গুদামে দূরপাল্লার ‘এফপি-১’ ও ‘এফপি-২’ মানববিহীন আকাশযানের (ড্রোন) উপাদান ও উৎক্ষেপণ বুস্টার সংরক্ষিত ছিল।

ঘনবসতিপূর্ণ লোকালয়ের পাশে এমন বিপজ্জনক বিস্ফোরক মজুত করায় ইউক্রেনের অভ্যন্তরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনাকে ‘ভয়াবহ অবহেলা’ উল্লেখ করে বলেছেন, “অস্ত্র সংরক্ষণের এই স্থাপনাটি নিশ্চয়ই সেখানে থাকা উচিত ছিল না।”

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ।। ছবি: সংগৃহীত

আবাসিক এলাকার কাছে বিস্ফোরক মজুতের আইনি বৈধতা পরীক্ষা করতে এবং সিদ্ধান্তগ্রহণকারী কর্মকর্তাদের অভিযুক্ত করে ইতিমধ্যেই ফৌজদারি মামলা ও তদন্ত শুরু হয়েছে। এর আগে গত জুলাইয়ে ভিশনেভে এলাকার এক গোলাবারুদ গুদামে একই ধরনের হামলায় ৯ জন নিহত ও ২৮০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্গেই কোরেতস্কি এ ঘটনার জন্য মারাত্মক প্রশাসনিক অবহেলাকে দায়ী করে বলেন, “পূর্ণমাত্রার রুশ আগ্রাসনের পঞ্চম বছরে একই ভুল বারবার করা অপরাধমূলক অবহেলা। দায়ী প্রত্যেককে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।”

এদিকে, গত ২৪ ঘণ্টায় কিয়েভের বোরেসসিল ও ওবোলোনস্কিসহ অন্যান্য স্থানে পৃথক রুশ ড্রোন হামলায় দুই শিশুসহ একাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে, তারা রাতে আসা ২৩৩টি রুশ ড্রোন ভূপাতিত করেছে।

অন্যদিকে, ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে অর্থনৈতিক স্থাপনা ও সরবরাহ কেন্দ্রে ড্রোন হামলা জোরদার করেছে। রাশিয়ার বেলগোরোদ, রোস্তভ এবং অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ ও ওজোনের বিভিন্ন লজিস্টিক কেন্দ্রে ইউক্রেনীয় হামলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।