আসামিদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম নওয়াপাড়ায় নিহত যুবলীগ নেতার লাশ নিয়ে মিছিল

0

 

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনকে (২৮) কুপিয়ে হত্যার প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে পৌর যুবলীগ। আসামিদের ধরে আইনের আওতায় আনতে ২৪ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। সোমবার বিকেলে নওয়াপাড়া পৌর যুবলীগের আয়োজনে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় বিক্ষোভ সমাবেশ করা হয়। বিক্ষোভ সমাবেশ চলাকালে লাশবাহী অ্যাম্বুলেন্স উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে পৌঁছালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা লাশ নিয়ে মিছিল করেন। নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে নুরবাগ এলাকায় এসে লাশ নিয়ে মিছিলটি শেষ হয়।
এ সময় নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিল্লাল আহমেদ বাবুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক প্রসেনজিৎ দাস সনজিত, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. রওশন কবির টুটুল, আহাদুর রহমান মামুন, উপজেলা যুবলীগ সদস্য শেখ ওলিয়ার রহমান, শেখ সম্রাট, উপজেলা তরুণলীগের সভাপতি বিল্লাল হোসেন বকুল, উপজেলা তরুণলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিশ্বাস, ছাত্রলীগ নেতা শেখ আব্দুল্লাহসহ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নওয়াপাড়া গ্রামের তরফদারপাড়া এলাকায় স্বপ্ন ভিলার সামনে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনকে কুপিয়ে হত্য করে সন্ত্রাসীরা। হত্যার ১৮ ঘন্টা অতিবাহিত হলেও কোনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ।