আশ্বাসে বিশ্বাস রাখতে চান ভবদহবাসী

0
ছবি: লোকসমাজ।

বি এম আসাদ ॥ ঘড়ির কাঁটায় বিকেল ৩টা বেজে ১৬ মিনিট। যশোরের ছয় দশকের বেশি সময় ধরে অভিশপ্ত এলাকা বলে খ্যাত ভবদহ স্লুইচগেট ও মুক্তেশ্বরী নদীর পাড়ে জড়ো হয়েছিলেন শত শত নারী-পুরুষ। ভবদহ সমস্যার সমাধান এবং টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) প্রকল্প চালুর মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মের দুঃখ ঘোচাতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এ সময় গাড়ি থেকে নেমে জনতার কথা শোনেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন এ্যানি, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য গাজী এনামুল হক, অধাপক মোক্তার আলী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ। নদী সংস্কারের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয় অতিথিদের।

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির গাজী আব্দুল হামিদ, নেত্রী কমলা রানী বৈরাগী, রাজু আহমেদ ও সুনীল কুমার—সকলেই ভবদহ সমস্যার স্থায়ী সমাধান দাবি করেন।

কমলা রানী বৈরাগী জানান, তার বয়স ৬৫ বছর; তিনি শৈশব থেকে এ সমস্যা ভোগ করছেন। বর্ষার সময় আবাদ হয় না, জমি পানির নিচে তলিয়ে যায়। ছেলেমেয়েদের ভালো জায়গায় বিয়ে দেওয়া যায় না। এ দুঃখ-দুর্দশা তাদের জীবনসঙ্গী হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন তিনি। বর্তমান সরকারের আমলে সমস্যার স্থায়ী সমাধান হোক—এ প্রত্যাশা জানিয়ে নদীর জলধারার স্বাভাবিক গতি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ভবদহের পাড়ে ব্যানার-ফেস্টুন হাতে অপেক্ষমান মানুষদের আশ্বাস দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আপনাদের দাবি পূরণ হবে ইনশাআল্লাহ

বিএনপি সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের বিষয়ে আন্তরিক। আপনাদের সমস্যার সমাধানের জন্য তিনি আমাদের পাঠিয়েছেন।”

ভবদহ মহাবিদ্যালয় মাঠে তৈরি করা হয় একটি মঞ্চ। হাজার হাজার মানুষ ভরপুরে মাঠ। তখন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, অতিথিবৃন্দ আপনাদের দুঃখ-দুর্দশা দেখতে সরেজমিনে এসেছেন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এরপর তিন মন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব বক্তব্য রাখেন।

তাদের বক্তব্যে উঠে আসে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, একাধিকবারের মন্ত্রী ও যশোরের উন্নয়নের কারিগর মরহুম তরিকুল ইসলামের উদ্যোগে ভবদহ এলাকার মানুষের দুঃখ ঘোচাতে প্রকল্প গ্রহণের ইতিহাস।

কৃষিমন্ত্রী উপস্থিত জনতাকে জানান, কৃষি অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাদের যোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের যোগ্য সন্তান অনিন্দ্য ইসলাম অমিত একইভাবে মানুষের সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, “বিএনপি সরকার জনবান্ধব সরকার। কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে যা করার দরকার, খাল খননসহ কৃষকদের উন্নতির জন্য সবই করে যাচ্ছে।”

তিনি ভবদহ পাড়ের মানুষের ধৈর্যের সাথে বিষয়টি দেখার আহ্বান জানিয়ে বলেন, “ভবদহ সমস্যার স্থায়ী সমাধান হওয়া দরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এর স্থায়ী সমাধান করার জন্য একই সাথে চার মন্ত্রীকে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়ার জন্য পাঠিয়েছেন।” আর এজন্যই এত মন্ত্রী ও কর্মকর্তাবৃন্দ একসাথে ভবদহ এলাকা পরিদর্শনে এসেছেন বলে বক্তব্যে উল্লেখ করা হয়।

এ প্রতিশ্রুতি শুনে ভবদহ এলাকার দুর্দশাগ্রস্ত হাজার হাজার মানুষ হাততালি ও স্লোগান দিয়ে বিএনপি সরকার এবং উপস্থিত মন্ত্রী ও কর্মকর্তাদের সাধুবাদ জানান। এ সময় স্লোগানে স্লোগানে ভবদহ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।