আর্থিক প্রতিষ্ঠানে অনৈতিক ব্যয় বন্ধের নির্দেশ

0

লোকসমাজ ডেস্ক॥আমানত সংগ্রহের লক্ষ্যে কমিশন, উন্নয়ন ব্যয় কিংবা বিজ্ঞাপন খরচসহ বিভিন্নভাবে অতিরিক্ত অর্থ ব্যয় করে থাকে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো। এই ব্যয়কে অনৈতিক ও অগ্রহণযোগ্য বলছে কেন্দ্রীয় ব্যাংক। কারণ, এর ফলে প্রতিষ্ঠানগুলোর ঋণ বা বিনিয়োগের সুদের হারের ওপর প্রভাব ফেলছে। যা সুদের হারকে ঊর্ধ্বমুখী করছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। তাই এসব ব্যয়ে লাগাম টানতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। রোববার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কতিপয় আর্থিক প্রতিষ্ঠান আমানত সংগ্রহের লক্ষ্যে কমিশন, উন্নয়ন ব্যয়, ব্যবসা উন্নয়ন খরচ ইত্যাদি শিরোনামে অর্থ ব্যয় করছে, যা অনৈতিক ও অগ্রহণযোগ্য। এর মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানগুলো অযৌক্তিকভাবে তহবিল ব্যয় বাড়াচ্ছে। এতে তাদের ঋণ/বিনিয়োগের সুদের হারকে ঊর্ধ্বমুখী হতে প্রভাবিত করছে।
এ মর্মে সিদ্ধান্ত হয়েছে যে, দেশের সব আর্থিক প্রতিষ্ঠান আমানত আহরণে তাদের ঘোষিত সুদ হার ছাড়া কোনো প্রচ্ছন্ন ব্যয়- অর্থাৎ কমিশন, ব্যবসা উন্নয়ন খরচ, উন্নয়ন ব্যয় বা যে নামেই অভিহিত করা হোক না কেন নির্বাহ করবে না। এছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের সুদ হার সংক্রান্ত হালনাগাদ তথ্য নিয়মিতভাবে নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেয়া হয় প্রজ্ঞাপনে। অবিলম্বে এই নির্দেশনা কার্যকর হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।