আর্জেন্টিনাকে পেলে এবার কী করবেন এমবাপ্পে

0
২০২২ সালের ১৮ই ডিসেম্বর কাতারের লুসাইল শহরের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের খেলায় আর্জেন্টিনার লিওনেল মেসি ফ্রান্সের কিলিয়ান এমবাপের বিরুদ্ধে বল নিয়ন্ত্রণ করছেন। ফাইল ছবি: সংগৃহীত

২০২২ বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেও ট্রফি হাতে নিতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরেছিল ফ্রান্স। এবারের বিশ্বকাপের নকআউট কাঠামোয় কেউ পথ না হারালে ফাইনালে আবারও দেখা হতে পারে দুই দলের। কিন্তু এমবাপ্পে প্রতিশোধের প্রসঙ্গ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন।

ফরাসি টেলিভিশন নেটওয়ার্ক এম৬-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘না, এটি প্রতিশোধের ব্যাপার নয়। আমরা বিশ্বকাপ জিতলেও টানা তিনবারের চ্যাম্পিয়ন হব না, অতীত বদলানো সম্ভব নয়। তারা আমাদের হারিয়েছিল, আর সেটা তাদের প্রাপ্যই ছিল।’

ফাইনালের আগে দেখা হওয়ার সুযোগ নেই

ড্রয়ের সময় দুই দলই পট-১-এ থাকায় গ্রুপ পর্বে একসঙ্গে পড়ার সম্ভাবনা ছিল না। ড্রয়ের লটারি এমনভাবে দুই দলকে ভাগ করেছে যে ফাইনালের আগে তাদের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। তবে দুই দলই টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হওয়ায় ফাইনালে ফের লড়াই দেখার আশা দর্শকদের থাকতেই পারে।

সেই সম্ভাবনা নিয়ে এমবাপ্পের জবাব ছিল নিরুত্তাপ। তিনি বলেন, ‘আবার মুখোমুখি হলে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। কিন্তু তাদের নিয়ে আমাদের কোনো বাড়তি ভাবনা নেই।’

নিজে গোল না পেলেও সামনে থাকতে চান উদযাপনে

গতবার ফাইনালে তিনটিসহ মোট ৮ গোল করেও রানার্সআপ দলে থেকে যেতে হয়েছিল এমবাপ্পেকে। এবার নিজে একটিও গোল না পেলেও যদি ফ্রান্স চ্যাম্পিয়ন হয়, তাহলে কী হবে? এমবাপ্পের জবাব, ‘এক মুহূর্তও ভাবব না। এখনই লিখে দিতে পারি। আমি গোল না করলে যদি দল বিশ্বকাপ জেতে, তাহলে ট্রফি নিয়ে উদযাপনের মিছিলে আমি সবার সামনে থাকব।’

‘আই’ গ্রুপে থাকা ফ্রান্স এবারের আসরে প্রথম ম্যাচ খেলবে ১৬ জুন সেনেগালের বিপক্ষে। একই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ নরওয়ে ও ইরাক।