“আমি আপনাদের এমপি-মন্ত্রী নই, সেবক হয়ে থাকতে চাই”: রামপালে প্রতিমন্ত্রী ডক্টর ফরিদুল ইসলাম

0
'রামপালে ১৭তম চক্ষু চিকিৎসা শিবিরে সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম' ।। ছবি: সংগৃহীত

এম, এ সবুর রানা, রামপাল (বাগেরহাট) ॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, “আমি এ জনপদের মানুষের কাছে কোনো এমপি বা মন্ত্রী নই, বরং একজন সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।” শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দীর্ঘ ১৭ বছর ধরে ব্যক্তিগত উদ্যোগে এই মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন ডক্টর ফরিদুল ইসলাম। এ পর্যন্ত তিনি প্রায় ১১ হাজার চক্ষু রোগীর ছানি অপারেশন, লেন্স সংযোজন ও নেত্রনালীসহ চোখের বিভিন্ন জটিল অস্ত্রোপচারের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। একই সময়ে প্রায় লক্ষাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা, বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করেছেন তিনি। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “এ এলাকার মানুষের কল্যাণে নিজের আরাম-আয়েসী জীবন বিসর্জন দিয়েছি। শত প্রতিকূলতা উপেক্ষা করে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি।”

পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রতিবেদন লেখা পর্যন্ত, অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত দল প্রায় ৬ শতাধিক ছানি পড়া রোগী বাছাই করেছেন, যা হাজার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন প্রায় ৫ হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।