আমাদের হৃদরোগ সেবা কাঙ্ক্ষিত নয় : ডা. এমএ রশিদ

বিশ্ব হার্ট দিবসে যশোরে সেমিনার ও সিপিআর প্রশিক্ষণ

0

স্টাফ রিপোর্টার ॥ দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে গতকাল যশোরে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস। দিবসটি উপলক্ষে যশোর মেডিকেল কলেজের কার্ডিয়াক বিভাগ ও যশোর হার্ট ফাউন্ডেশনের যৌথ আয়োজনে বের হয় শোভাযাত্রা, অনুষ্ঠিত হয় সেমিনার ও বিভিন্ন শ্রেণি পেশার ২৫ জনকে নিয়ে (কার্ডিও পালমোনারি সিপিআর রিসাসিটেশন) প্রশিক্ষণ।

সকাল ৯টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। হাসপাতাল প্রদক্ষিণ শেষে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) প্রাঙ্গণে গিয়ে শেষ হয় শোভাযাত্রা।

এরপর হাসপাতালের তৃতীয় তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সেমিনার। সেমিনারের বিষয় ছিল ‘করোনারি কেয়ার ইউনিটের পর্যবেক্ষণ ও হৃদরোগে আকস্মিক মৃত্যু’।

মূখ্য আলোচক ছিলেন যশোর হার্ট ফাউন্ডেশনের সভাপতি এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্স ইনস্টিটিউটের উপদেষ্টা অধ্যাপক ডা. এমএ রশীদ।

তিনি বলেন, পৃথিবীর কোন দেশে নিচে বিছানায় রেখে হৃদরোগীদের চিকিৎসা দেয়া হয় না। দুর্ভাগ্যজনক যশোর তথা বাংলাদেশে সেটা করা হয়। আমাদের হৃদরোগের সেবা কাঙ্ক্ষিত নয়।

তিনি আরো বলেন, এক তৃতীয়াংশ মানুষ এখন হৃদরোগে মারা যাচ্ছে। এজন্য আমাদের প্রিভেনশনের দিকে গুরুত্ব দিতে হবে। সামাজিক সংগঠন ও সাংবাদিকদের মাধ্যমে আমরা সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করছি।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েতের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এএইচএম আহসান হাবীব। তথ্য উপাত্ত উপস্থাপন করেন যশোর মেডিকেল কলেজের কার্ডিয়াক বিভাগের সহকারী অধ্যাপক ডা. খন্দকার রফিকুজ্জামান।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র কনসালটেন্ট (ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেশনাল কার্ডিওলজিস্ট) প্রফেসর ডা. মোহাম্মদ বদিউজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজ (যমেক) শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর, সহকারী অধ্যাপক ডা. শরিফুল আলম খান, যমেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. এস এম নাজমুল হক, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান আজাদ ও সাধারণ সম্পাদক ডা. আহসান কবির বাপ্পী।

স্বাগত বক্তব্য রাখেন যমেক কার্ডিওলজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. গোলাম মাহফুজ রব্বানী। বিশেষ বক্তব্য রাখেন যশোর হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা।

আলোচকরা ২০০৬ সালে সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম যশোরে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপন করেছিলেন স্মরণ করে দ্রুত করোনারি কেয়ার ইউনিটকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সেমিনার শেষে দুপুরে বিভিন্ন শ্রেণি পেশার ২৫ জনকে নিয়ে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রশিক্ষণ দেয়া হয়। করোনারি কেয়ার ইউনিটের চতুর্থতলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার সরকার, অ্যানেস্থেসিয়া বিভাগ নিউরোভাসকুলার সহযোগী অধ্যাপক ডা. রাজু আহমেদ, কার্ডিয়াক নার্সিং প্রশিক্ষক জান্নাতুন ইসলাম, নার্সিং প্রশিক্ষক নাঈম উদ্দিন ও সিপিআর সমন্বয়কারী মারুফ হোসেন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।