‘আমাদের হারানো প্রতিপক্ষের জন্য কঠিন হবে’ — বিশ্বকাপের আগে সতর্কবার্তা মেসির

0
চোট কাটিয়ে আইসল্যান্ড ম্যাচে মাঠে নেমে গোল করেছেন মেসি; বিশ্বকাপের আগে তাঁর এই প্রত্যাবর্তন আর্জেন্টিনা শিবিরে স্বস্তি এনেছে।। ফাইল ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগে চোট কাটিয়ে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ জয়ের ম্যাচে বদলি নেমে গোলও করেছেন তিনি। ম্যাচ শেষে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিপক্ষদের উদ্দেশে সরাসরি সতর্কবার্তা দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।

মেসি বলেছেন, “এ নিয়ে কোনো সন্দেহ রাখবেন না যে আমাদের হারানো প্রতিপক্ষদের জন্য অনেক কঠিন হতে যাচ্ছে। কারণ, আমরা খুবই প্রতিযোগিতামূলক দল।”

চোটের শঙ্কা ছিল, কাটল মাঠে নামায়

গত মাসের শেষ দিকে এমএলএসে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে পেশিতে চোট পান মেসি। বিশ্বকাপের আগমুহূর্তে এই চোট আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ তৈরি করেছিল। আইসল্যান্ড ম্যাচে মাঠে নামায় সেই শঙ্কা অনেকটাই কেটেছে।

মেসি বলেন, “আমি খুশি, প্রতিটি মুহূর্ত উপভোগ করছি এবং বরাবরের মতোই রোমাঞ্চিত। মাঠে নামার জন্য মুখিয়ে ছিলাম। অস্বস্তি থাকলে যে ভয়গুলো কাজ করে, তা ঝেড়ে ফেলে একদম মুক্তভাবে খেলতে চেয়েছিলাম।”

শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ

আর্জেন্টিনা এবার বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে। ১৯৬২ সালের পর কোনো দল টানা দুবার বিশ্বকাপ জিততে পারেনি। এই ইতিহাসের ভার এবং বয়স বাড়তে থাকা মেসিকে নিয়ে সমর্থকদের মনে সংশয় থাকলেও অধিনায়ক নিজে আত্মবিশ্বাসী।

মেসি বলেন, “এই দলটা যা পেয়েছে, তা সবই প্রাপ্য। মানুষ নিশ্চিত থাকতে পারে আমরা সব সময়ের মতো নিজেদের উজাড় করে দেওয়ার চেষ্টা করব। সাম্প্রতিক বছরগুলোতে আমরা ইতিবাচক ফল পেয়েছি। এটি কঠিন এবং দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। তবে আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি এবং মানুষকেও অভ্যস্ত করে তুলেছি।”

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে দলের বাকি খেলোয়াড়দেরও পুরোপুরি ফিট হয়ে ওঠার আশা করছেন মেসি। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচ।