আন্তর্জাতিক সংবাদ

0

করোনাভাইরাসে চীনে মার্কিন নাগরিকের মৃত্যু
লোকসমাজ ডেস্ক ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের উহানে এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। বেইজিংয়ের মার্কিন দূতাবাস শনিবার এই খবর দিয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এই প্রথম চীনে থাকা কোনো বিদেশি নাগরিকের মত্যু হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ দিন বেলা ১২টা পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৪। আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৮৮৮। বেইজিংয়ের আমেরিকার দূতাবাস জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উহানে যে মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে তার বয়স ৬০। আক্রান্ত সন্দেহে তাকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে যে দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছিল, উহান থেকে তারা নিজেদের দেশে ফিরে গিয়েছিলেন। তাদের একজন হংকংয়ের নাগরিক। অন্য জন ফিলিপাইনের।

অভিশংসনে সাক্ষী দেয়া ২ কর্মকর্তার চাকরি খেলেন ট্রাম্প
লোকসমাজ ডেস্ক ॥অভিশংসন প্রক্রিয়ার প্রধান দুই সাক্ষীকে হোয়াইট হাউজ থেকে তাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বিষয়ক শীর্ষ ইউক্রেন এক্সপার্ট ভিন্দমানকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এর কয়েক ঘণ্টা পর ইউরোপিয়ান ইউনিয়নে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সন্ডল্যান্ডকেও বরখাস্ত করেন। এই দুই কর্মকর্তা ডেমোক্রেটিক-নিয়ন্ত্রিত প্রতনিধি পরিষদে ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়ার প্রধান প্রত্যক্ষদর্শী ছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ২০২০ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী জো বাইডেনকে কালিমালিপ্ত করতে তিনি বিদেশি সাহায্য চেয়েছেন এবং এক্ষেত্রে ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তাকে দর-কষাকষির হাতিয়ার করেছেন।

ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পাওয়ার লড়াইয়ে আপিলে হারলেন শামীমা
লোকসমাজ ডেস্ক ॥ যুক্তরাজ্যের নাগরিকত্ব ফিরে পেতে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন দেশটি ছেড়ে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেওয়ার পর রাষ্ট্রহীন দশায় পড়া ব্রিটিশ-বাংলাদেশি শামীমা বেগম। নাগরিকত্ব কেড়ে নেওয়ার যুক্তরাজ্যের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম ধাপের আপিলে হেরে গেছেন এই তরুণী। লন্ডনের বেথনাল গ্রিন একাডেমির নবম শ্রেণিতে পড়ার সময় শামীমা আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমান। তখন তার বয়স ছিল ১৫। সেখানে এক আইএস যোদ্ধাকে বিয়ে করেন তিনি। ২০১৯ সালের ফেব্র“য়ারিতে তাকে সিরিয়ার একটি শরণার্থীশিবিরে গর্ভবতী অবস্থায় তাকে খুঁজে পাওয়া যায়। টিনএজ পেরিয়ে বর্তমানে তার বয়স ২০। যুক্তরাজ্যের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ শামীমা বেগমের নাগরিকত্ব বাতিল করেন। ব্রিটিশ সরকারের এই বিরুদ্ধে আবেদন করে শামীমার আইনজীবী তাকে দেশে ফিরতে দেওয়ার অনুমতি চেয়েছিলেন। সেই আপিলের শুনানি শেষেই শুক্রবার সকালে রায় শুনিয়েছে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট মামলার বিচারকাজ হয় এমন আংশিক-গোপন আদালতের একটি ট্রাইব্যুনাল। তাতে বলা হয়েছে, যেহেতু শামীমা বেগম রাষ্ট্রহীন অবস্থায় নেই তাই তার নাগরিকত্ব কেড়ে নেয়া যাবে। বিশেষ ‘ইমিগ্রন্ট অ্যাপিলস কমিশন’ মন্তব্য করেছে, শামীমা বেগম বাংলাদেশে নাগরিকত্ব চাইতে পারেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী, কোনো নাগরিক যদি পুরোপুরি রাষ্ট্রহীন হয়ে থাকে – তাহলে তার নাগরিকত্ব কেড়ে নেয়া অবৈধ। তবে কমিশন বলেছে, ২০ বছর বয়সী শামীমা বেগম ‘বংশানুক্রমিকভাবে বাংলাদেশের নাগরিক’ এবং তিনি রাষ্ট্রহীন নন। শামীমা তার মায়ের মাধ্যমে বাংলাদেশের নাগরিকত্বের আবেদনও করার চেষ্টা করেছিলেন। যদিও ২০১৯ সালের ফেব্র“য়ারিতেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, শামীমা বাংলাদেশের নাগরিক নন। তাকে দেশে প্রবেশ করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। শামীমার আইনজীবী ড্যানিয়েল ফারনার বলেছেন, তার মক্কেল দ্রুত এ সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করবেন।