চাকরি জাতীয়করণের দাবিতে গ্রামপুলিশের স্মারকলিপি

0

স্টাফ রিপোর্টার ॥ চাকরি জাতীয়করণের দাবিতে বাংলাদেশ গ্রামপুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন সদস্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে যশোর কালেক্টরেট চত্বরে গ্রামপুলিশ সদস্যরা মানববন্ধন করেন। পরে তারা স্মারকলিপি প্রদান করেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. হুমায়ুন শওকত এ স্মারকলিপি গ্রহণ করেন। এরপর প্রেসক্লাব যশোরের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে গ্রামপুলিশবাহিনী কর্মচারী ইউনিয়ন যশোর জেলা শাখার সভাপতি মো. ইব্রাহিম মোড়ল ও সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মোড়ল বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ বলেন, দেশে ৪৬ হাজার ৮শ ৭০ জন গ্রামপুলিশ রয়েছে। তাদের ভেতর দফাদারকে মাসিক ৭ হাজার টাকা ও মহলদারদের ৬ হাজার ৫শ টাকা করে বেতন দেয়া হয়। তাও বেতনের শতকরা ৫০ ভাগ স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং বাকী ৫০ ভাগ ইউনিয়ন পরিষদ বহন করে। অনেক ইউনিয়ন পরিষদ বেতন পরিশোধ করতে ব্যর্থ হয়। নেতৃবৃন্দ বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পরিবার-পরিজন নিয়ে তারা সংসার চালাতে না পেরে মানবেতর জীবন যাপন করছেন। এ অবস্থায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আদেশটি বাস্তবায়নের জন্য তারা গ্রামপুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের দাবি জানান। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু স্ব-উদ্যোগে গ্রামপুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের আদেশ প্রদান করেছিলেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। যশোর জেলায় ৮ শতাধিক গ্রামপুলিশ রয়েছে।