আন্তর্জাতিক সংবাদ

0

নাবালিকাকে ধর্ষকের সঙ্গে বিয়ে দিতে বিতর্কিত বিল আনছে তুরস্ক
লোকসমাজ ডেস্ক ॥ধর্ষিতাকে বিয়ে করলে অপরাধ রেহাই পাবে ধর্ষক, এমন একটি বিতর্কিত বিল আনতে যাচ্ছে তুরস্কের পার্লামেন্ট। চলতি মাসের শেষের দিকে বিলটি পার্লামেন্টে পাস হতে পারে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানায়, অনূর্ধ্ব ১৮ বয়সী কোনো মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক গড়ার পর তাকে বিয়ে করার বিধান রাখা হয়েছে বিলটিতে। এর ফলে অভিযুক্ত ব্যক্তি শাস্তি থেকে রেহাই পাবে। ইতিমধ্যে ‘ধর্ষককে বিয়ে করার বিল’ হিসেবে পরিচিত হয়ে উঠেছে এটি। বিতর্কিত বিলটির বিরুদ্ধে তুরস্কের নারী অধিকার কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। দেশটির বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি) বিলটির বিরুদ্ধে এরদোয়ান সরকারের কঠোর সমালোচনা করেছে। তাদের মতে, বিলটি আইনে পরিণত হলে বাল্যবিবাহ ও ধর্ষণকেই শুধু বৈধতা দেবে না, শিশু নিপীড়ন ও যৌন হয়রানির পথ সুগম করে দেবে। এর আগে ২০১৬ সালে একই ধরনের একটি বিতর্কিত বিল থেকে পিছিয়ে আসে তুরস্ক। যৌন সম্পর্কে হুমকি বা শক্তিপ্রয়োগ না থাকলে পুরুষদের রেহাই দেয়ার বিধান ছিল বিলটিতে। সেসময় এটিকে ঘিরে দেশে-বিদেশে ক্ষোভ প্রকাশ পায়।

ইরানে সোলেইমানির সহযোগীকে গুলি করে হত্যা
লোকসমাজ ডেস্ক ॥ ইরানে উত্তরপূর্ব অঞ্চলে দেশটির আধাসামরিক বাহিনীর এক স্থানীয় কমান্ডারকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। আল জাজিরা জানায়, নিহত আবদুল হোসেইন মোজাদ্দামি ছিলেন ইসলামি বিপ্লবী গার্ডসের শাখা বাসিজ ফোর্সের একজন প্রভাবশালী কমান্ডার। তেলসমৃদ্ধ খুজিস্তান প্রদেশের নিজ বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করে মুখোশধারীরা। তিনি মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুদস বাহিনীর প্রধান কাসেম সোলেইমানির একজন সহযোগী। ইরানি সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, একটি মোটরসাইকেলে দুই বন্দুকধারী অ্যাসল্ট রাইফেল দিয়ে অতর্কিত গুলি করে তাকে হত্যা করে। মুখোশ পরা বন্দুকধারীরা মোজাদ্দামিকে লক্ষ্য করে অন্তত চারটি গুলি চালায়। কারা এই হামলা চালিয়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ইরানি কর্তৃপক্ষ। নভেম্বরে খুজিস্তানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে ভূমিকা রেখেছিল বাজিস ফোর্স। এতে বহু বিক্ষোভকারী হতাহত হয়েছেন বলে দাবি করা হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

কাশ্মীর ইস্যুতে ফের ভারতপাকিস্তানকে ট্রাম্পের প্রস্তাব
লোকসমাজ ডেস্ক ॥ভারত অধিকৃত কাশ্মীর ইস্যুতে আবারও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও পাকিস্তানকে এ নিয়ে চতুর্থ দফা এমন প্রস্তাব দিলেন তিনি। আলজাজিরা জানায়, মঙ্গলবার সুইজারল্যান্ডে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন ট্রাম্প। বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানান, কাশ্মীর ইস্যুতে তিনি মধ্যস্থতা করতে চান। এ সময় তার পাশে বসে ছিলেন ইমরান খান। ট্রাম্প বলেন, ‘কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে কী চলছে তা নিয়ে আলোচনা করেছি আমরা। সেখানে আমরা যদি কোনো সাহায্য করতে পারি, সেটা অবশ্যই করব। আমরা পুরো পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছি।’ পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘আফগানিস্তানের মতোই এ বিষয়টি (কাশ্মীর ইস্যু) নিয়ে আমরা কথা বলতে চাই। যখন অন্য কোনো দেশ এর সমাধান করতে পারছে না, তখন আমরা আশা করি যে, সংকট নিরসনে যুক্তরাষ্ট্র তার ভূমিকা পালন করবে।’ ২০১৯ সালে আগস্টে সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় ভারতের বিজেপি সরকার। দিল্লির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার পাকিস্তান। এই ঘটনায় দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে আসছেন ট্রাম্প। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইমরান খানকে একইভাবে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। স্বায়ত্তশাসন বাতিলের মধ্যে দিয়ে কাশ্মীরে কঠোর নিরাপত্তা পরিস্থিতি জারি, মানবাধিকার লঙ্ঘন, ইন্টারনেট বন্ধ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারেও একাধিকবার উদ্বেগ প্রকাশ করে মার্কিন কর্তৃপক্ষ।