আন্তর্জাতিক সংবাদ

0

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতের অন্তবর্তী আদেশ ২৩ জানুয়ারি
লোকসমাজ ডেস্ক॥ মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলায় ২৩ জানুয়ারি অন্তবর্তী আদেশ দেবে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বাদীপক্ষের জরুরি পদক্ষেপের অনুরোধের প্রেক্ষিতে এই আদেশ দিতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত। আলজাজিরা জানায়, গাম্বিয়ার আইন মন্ত্রণালয় সোমবার এক টুইটে এ কথা জানিয়েছে। এ বিষয়ে জানতে আইসিজে’র সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। রোহিঙ্গাদের হয়ে আন্তর্জাতিক বিচার আদালতে লড়ছে পশ্চিম আফ্রিকার ছোট্ট এই মুসলিম দেশটি। সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ‘অব্যাহত গণহত্যার’ অভিযোগ এনে গত বছরের নভেম্বরে মামলাটি দায়ের করা হয়। মিয়ানমার রাখাইনে সামরিক অভিযানে ১৯৪৮ সালের জেনেভা কনভেনশন লঙ্ঘন করেছে বলে অভিযোগ এনেছে গাম্বিয়া। ওই অভিযানে নতুন করে সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা দেশ ছাড়তে বাধ্য হয়। আরও ক্ষয়ক্ষতি এড়াতে প্রথম পদক্ষেপ হিসেবে ‘অন্তবর্তী আদেশ’ দিতে আদালতের প্রতি আহ্বান জানায় গাম্বিয়া। মামলার চূড়ান্ত রায় পেতে কয়েক বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই মামলায় নিজের দেশের হয়ে লড়তে হেগের আদালতে উপস্থিত হয়েছিলেন মিয়ানমার নেত্রী শান্তিতে নোবেল জয়ী অং সান সু চি। তিনি গণহত্যার বিষয়টি অস্বীকার করেন এবং আদালতের এ বিষয়ে শুনানি করার এখতিয়ার নেই বলেও দাবি করেন। মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা, হত্যা, ধর্ষণ ও নিপীড়নের মুখে সর্বশেষ ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সাড়ে সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। আগে থেকেই বাংলাদেশে অবস্থান করছিল বিভিন্ন সময় নিপীড়নের শিকার তিন লাখ রোহিঙ্গা।

ইরাক থেকে মার্কিন সেনা সরাতে লাখো মানুষের বিক্ষোভের ডাক
লোকসমাজ ডেস্ক॥ ইরাকে মার্কিনবিরোধী বিক্ষোভের ডাক দিয়েছেন প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা সদর। দেশটি থেকে মার্কিন সেনার প্রত্যাহারের দাবিতে লাখ লাখ মানুষের সমাবেশ করতে যাচ্ছেন তিনি। খবর এএফপি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি নিহতের ঘটনার জেরে বিদেশি সেনা সরিয়ে নেয়ার বিল পাস করে ইরাকি পার্লামেন্ট। এমন পরিস্থিতিতে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে লাখো মানুষের জমায়েতের ডাক দিয়েছেন মুকতাদা সদর। টুইটারে এই শিয়া নেতা বলেন, দখলদার বাহিনী দ্বারা প্রতিদিন ইরাকের আকাশ, মাটি এবং সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে। নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা না করে তিনি দেশটিতে মার্কিন সেনার উপস্থিতির বিরুদ্ধে শান্তিপূর্ণ মহাসমাবেশের ডাক দেন। এদিকে মঙ্গলবার রাতে উত্তর বাগদাদের মার্কিন-ন্যাটো যৌথবাহিনীর ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে এতে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

অস্ট্রেলিয়ায় পাঁচ দিনে গুলি করে ৫০০০ উট হত্যা
লোকসমাজ ডেস্ক॥ অস্ট্রেলিয়ায় হেলিকপ্টার থেকে গুলি করে পাঁচ দিনে পাঁচ হাজার উট হত্যা করা হয়েছে। অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় খরাপ্রবণ এলাকায় পানি স্বল্পতার জন্য ১০ হাজার উট মেরে ফেলার সিদ্ধান্ত নেয় দেশটির একটি স্থানীয় কর্তৃপক্ষ। কারণ বেশি পরিমাণে পানি খেয়ে ফেলছে উট। এ ছাড়া মিথেন গ্যাস সৃষ্টির পেছনেও দায়ী করা হয় এই প্রাণীকে। মঙ্গলবার কেনিয়াভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি নেশন এক প্রতিবেদন এই খবর দিয়েছে। স্থানীয়দের দাবি, পানির জন্য বিভিন্ন স্থানে হানা দিচ্ছে এই বন্য উটগুলো। ঘরবাড়িসহ শহরের বিভিন্ন স্থাপনায় হামলে পড়ছে উটের বিশাল বহর। ফলে দেশটির দক্ষিণাঞ্চলের স্থানীয় সরকার কর্তৃপক্ষ আনানজু পিতজানৎজাতজারা ইয়ানকুনিৎজাতজারা ল্যান্ডস (এওয়াইপি) এই উট হত্যার জন্য সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ৫ হাজার উট হত্যা করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের হুমকি হয়ে দাঁড়ানোয় উটগুলো মেরে ফেলা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এর জন্য ভাড়া করা হয়েছিল প্রশিক্ষিত শুটারও। হেলিকপ্টার থেকে গুলি করে এসব উট হত্যা করা হয়।