আজ বাজারে আসছে ৫ টাকার নতুন নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ নতুন ডিজাইন ও সিরিজের ৫ টাকা মূল্যমানের নোট বাজারে আনছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৯ মে) থেকে আনুষ্ঠানিকভাবে নতুন এই নোটটি বাজারে প্রচলিত হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা অফিস থেকেও নতুন ৫ টাকার নোট পাওয়া যাবে।

অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক এই নতুন নোটে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য ও নিরাপত্তা সুতা যুক্ত করা হয়েছে।

নতুন ৫ টাকার নোটটির দৈর্ঘ্য ১১৭ মিলিমিটার ও প্রস্থ ৬০ মিলিমিটার। নোটটিতে হালকা গোলাপি রঙের আধিক্য রয়েছে। নোটের সম্মুখভাগের বামপাশে ঢাকার ঐতিহাসিক ‘তারা মসজিদ’-এর ছবি এবং মাঝখানের ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি স্থান পেয়েছে। এছাড়া নোটের পিছনভাগে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ‘গ্রাফিতি-২০২৪’-এর ছবি মুদ্রিত রয়েছে।

উচ্চ নিরাপত্তা সম্বলিত এই নোটে জলছাপ হিসেবে রয়েছে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’। এর ঠিক নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘5’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম’ যুক্ত করা হয়েছে।

নোটের বামদিকে ২ মিলিমিটার চওড়া একটি নিরাপত্তা সুতা কাগজের ভেতরে প্রবিষ্ট রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে উভয় দিক থেকেই দেখা যাবে। পাশাপাশি নোটের সম্মুখভাগের নিচের গ্লিউইশ প্যাটার্নের ওপর মাইক্রোপ্রিন্ট হিসেবে আনুভূমিকভাবে অসংখ্য ‘BANGLADESH’ শব্দ খোদাই করা রয়েছে।