আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা: সরকারি মাধ্যমে সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা

0
সচিবালয়ে সংবাদ সম্মেলনে আগামী বছরের আনুষ্ঠানিক হজ প্যাকেজ ঘোষণা করছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।। ছবি: সংগৃহীত
আগামী বছরের পবিত্র হজ পালনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজ প্যাকেজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সরকার। নতুন ঘোষিত এই কাঠামোর আওতায় সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
অন্যদিকে বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন ব্যয় নির্ধারিত হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

আজ মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন হজ প্যাকেজ উন্মোচন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সংবাদ সম্মেলনে তিনি আগামী বছরের সামগ্রিক হজ ব্যবস্থাপনা, যাত্রী সুবিধা ও বিভিন্ন ক্যাটাগরির খরচ বিস্তারিতভাবে তুলে ধরেন।

ধর্মমন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে দুটি পৃথক প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ‘হজ প্যাকেজ-১’-এর মোট খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। অন্যদিকে কিছুটা সাশ্রয়ী খরচের জন্য নির্ধারিত ‘হজ প্যাকেজ-২’-এর ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

একই সাথে বেসরকারি হজ এজেন্সিগুলোর মাধ্যমে যাত্রা করা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ শিরোনামে একটি সুনির্দিষ্ট ব্যয়কাঠামো নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই সাধারণ প্যাকেজের আওতায় প্রতি হজযাত্রীর প্রাথমিক খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। সরকারের বেঁধে দেওয়া এই নির্ধারিত ফি ও নিয়মকানুন মেনে এজেন্সিগুলোকে হজযাত্রী নিবন্ধনের কাজ সম্পন্ন করতে হবে।