আগামী এক বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী

0
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।। ছবি: সংগৃহীত
আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড হাতে পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে প্রতিটি উপজেলায় গড়ে সাত হাজার নারী এই কার্ড পাবেন এবং পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে তাঁর সরকার দেশের চার কোটি পরিবারের নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে বলে ঘোষণা দেন তিনি।

আজ সোমবার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ সকাল ১০টার কিছু আগে সড়কপথে গৌরনদীর বাটাজোরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়ক ও গৌরনদী-সরিকল সড়কের দুই পাশে অবস্থান নেওয়া হাজার হাজার নেতা-কর্মী তাঁকে স্বাগত জানান।

গৌরনদীর সরিকল সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে, যার অংশ হিসেবে আজ বাটাজোরে আড়াই হাজার গাছের চারা রোপণ করা হচ্ছে। নারকেল ও নিমসহ চারটি গাছের চারা রোপণ করে তিনি পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে যেখানে-সেখানে আবর্জনা না ফেলার অনুরোধ জানান এবং স্লোগান দেন, ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’

বৃক্ষরোপণ অনুষ্ঠান শেষে গৌরনদী উপজেলায় ৬০০ পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণকালে কার্ডের সুবিধাভোগী কয়েকজন নারীর কথা শোনেন এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে পুরুষের পাশাপাশি নারীকেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। শিক্ষার প্রসারে ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের এইচএসসি পর্যন্ত বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন, বর্তমান সরকার স্নাতক (অনার্স) পর্যন্ত বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা করবে এবং ভালো ফল করা মেয়েদের বৃত্তির ব্যবস্থা করা হবে।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মানবিকতা ও অসাম্প্রদায়িকতার ওপর জোর দিয়ে বলেন, সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে মানবিকতার ভিত্তিতে দেশ পুনর্গঠন করে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা হবে।

সফরসূচি অনুযায়ী গৌরনদীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরিশাল নগরের ত্রিশ গোডাউন এলাকায় সাগরদী খালে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।