আকস্মিক এসে জড়িয়ে ধরলো পা, তারপর লাঠির আঘাতে হত্যা!

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের নালিয়া গ্রামের খালপাড় এলাকায় বৃহস্পতিবার সালেহ আহমেদ (৬০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করার কারণে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত বশির শেখ (৩৬) নামে এক যুবককে হাতেনাতে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশে দেয়া হয়েছে। পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে আটক যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন।
নিহত সালেহ আহমেদ নালিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। অপরদিকে আটক বশির শেখ নড়াইল সদর উপজেলার মূলদাইড় গ্রামের খিজির শেখের ছেলে।
সদর উপজেলার চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিনুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে সালেহ আহমেদ নালিয়া খালপাড় এলাকায় সবজি লাগানোর কাজ করছিলেন। এ সময় বশির শেখ নামে ওই যুবক সেখান দিয়ে যাবার সময় আচমকা সালেহ আহমেদের পা জড়িয়ে ধরেন। বলতে থাকেন ‘আমাকে মাফ করে দেন’। হঠাৎ অচেনা যুবক এভাবে পা জড়িয়ে ধরায় ভয় পেয়ে পা থেকে মুক্ত করে তাকে ঠেলে সরিয়ে দেন সালেহ আহমেদ। তখন সেখানে থাকা একটি বাঁশের লাঠি দিয়ে সালেহ আহমেদের মাথায় আঘাত করেন বশির শেখ। আশেপাশের লোকজন ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত এগিয়ে গিয়ে গুরুতর আহত সালেহ আহমেদকে উদ্ধার এবং অভিযুক্ত বশির শেখকে আটক করেন। পরে আহত সালেহ আহমেদকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলা পৌনে ১২দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে হাসপাতালেই মৃত্যু হয় সালেহ আহমেদের।
হাসপাতালের চিকিৎসক ফারহান আজমাইন ফাহিম জানান, মাথায় আঘাতজনিত কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
এসআই আমিনুল ইসলাম বলেন, সালেহ আহমদকে হত্যায় অভিযুক্ত বশির শেখকে স্থানীয় কেউ চেনেন না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে নাম ঠিকানা উদ্ধার করা হয়। বশির শেখ দুই দিন আগে বাড়ি থেকে বের হয়েছেন। কিন্তু কোথায় ছিলেন তা সঠিকভাবে বলতে পারছেন না । প্রশ্ন করা হলে এলোমেলো জবাব দিচ্ছেন। এ কারণে ধারণা করা হচ্ছে, বশির শেখ কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনি আরো জানান, সালেহ আহমেদ হত্যার ঘটনায় দুপুরে নিহতের ছেলে মো. ফয়েজ কোতয়ালি থানায় মামলা করেছেন।
নিহতের ভাইপো জাহিদ হাসান জুয়েল জানান, তার চাচা নালিয়া খালপাড় এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন বলে শুনেছেন। কিন্তু কেন তাকে ওই যুবক হত্যা করলো তা তিনি জানেন না।