আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

0
সচিবালয়ে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক পথেই এগোচ্ছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান।

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও তাঁর আইনি অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমরা তো তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরিয়ে আনতে চাই।” তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে, যাতে তিনি বাংলাদেশে দায়ের করা মামলার মুখোমুখি হতে পারেন।

একই ব্রিফিংয়ে ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর এবং পুশব্যাক প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেন, এটি সম্পূর্ণরূপে ভারতের অভ্যন্তরীণ বিষয়। তিনি বলেন, “ভারতের সিএএ বা আসামের এনআরসি তাদের নিজস্ব নাগরিকদের জন্য প্রণীত আইন। এ বিষয়ে আমাদের মন্তব্য করার কোনো অবকাশ নেই।”

তবে অবৈধ অনুপ্রবেশের বিষয়ে মন্ত্রী জানান, যেকোনো ধরনের অবৈধ বা জোরপূর্বক সীমান্ত অতিক্রম ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

ব্রিফিং শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার আইনানুগ ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে আইনশৃঙ্খলা রক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।