অস্বস্তির বাজারে দাম কমের ধারাবাহিকতায় শুধু সবজি

0

শেখ আব্দুল্লাহ হুসাইন ।। অস্বস্তির বাজারে দাম কমের ধারাবাহিকতায় রয়েছে সবজি। তবুও তা এখনো আসেনি সাধারণের নাগালে। বাজারে ৫০ থেকে ৬০ টাকার নিচে কোন সবজি নেই। ঊর্ধ্ব মূল্যের চাল, ডাল, পেঁয়াজ, আলু, রসুনের সাথে সবজির এ দর সাধারণ মানুষকে স্বস্তি দিচ্ছে না। বাজার নিয়ে অসন্তুষ্টি এ সপ্তাহেও অব্যাহত রয়েছে।
বাজার ঘুরে দেখা গেছে-যশোর বাজারে সবজির সরবরাহ বেড়ে এ সপ্তাহে বেশ খানিকটা দাম কমেছে। বাজারে নতুন আলু ও পেঁয়াজের কালি উঠলেও দাম এখনও অনেক বেশি। ডিম, খামারের মুরগি, গরুর মাংসের দাম এ সপ্তাহে অপরিবর্তিত রয়েছে। শুক্রবার বড় বাজার ঘুরে এমন চিত্র পাওয়া যায়।
বড় বাজারে গত সপ্তাহের থেকে সবজির দাম বেশ খানিকটা কমে বিক্রি হচ্ছে। বাজারের খুচরা বিক্রেতা নাসির আলী আশা করছেন সরবরাহ বেড়ে সামনের সপ্তাহে সবজির দাম আরও কমবে। তিনি শুক্রবার ভালোমানের গাজর বিক্রি করেছেন প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, গত সপ্তাহে এর দাম ছিল ১৮০ থেকে ২০০ টাকা। শিম বিক্রি হয়েছে ৬০ থেকে ৮০ টাকা, গত সপ্তাহে ছিল ১২০ টাকা। ফুলকপি বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা, গত সপ্তাহে ছিল ১০০ থেকে ১২০ টাকা। ঢেঁড়স বিক্রি হয়েছে ৬০ থেকে ৮০ টাকা, গত সপ্তাহে ছিল ৮০ থেকে ১০০ টাকা। উচ্ছে বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকা, গত সপ্তাহে ছিল ১০০ থেকে ১২০ টাকা। বেগুন বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকা, গত সপ্তাহে ছিল ৮০ থেকে ১০০ টাকা। করোলা বিক্রি হয়েছে ৬০ থেকে ৮০ টাকা, গত সপ্তাহে ছিল ৮০ থেকে ১০০ টাকা।
বড় বাজারে কাঁচামালের আড়ত ‘মনিরামপুর ভাণ্ডার’ এর অন্যতম স্বত্বাধিকারী জহিরুদ্দিন কাজল জানান, এখন সামনে যত দিন যাবে সবজির দাম কমতে থাকবে। সামনের দিনগুলোতে শীতকালীন সবজির আমদানি বাড়বে।
বাজারে নতুন আলু উঠেছে। প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন এই আলুতে স্বাদ তেমন না হলেও ক্রেতারা শখ করে কিনছেন। সেই সাথে নতুন উঠেছে পেঁয়াজের কালি। বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ থেকে ২৪০ টাকা। নতুন আলু ও পেঁয়াজের কালির দাম আগামী সপ্তাহে কমে আসবে বলে জানান বিক্রেতারা।
এদিকে বড় বাজারে পুরনো দেশি আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা, আমদানি করা ভারতীয় আলুর কেজি ৭৫ টাকা, দেশি পেঁয়াজ প্রতি কেজি ১২০ টাকা ও আমদানি করা ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। বিক্রেতারা আশা করছেন খুব শিগগিরই নতুন মুড়িকাটা পেঁয়াজ উঠবে। আর নতুন আলোর যোগান বাড়লে দাম আরও কমে আসবে।
বাজারে মুরগির ডিম, মুরগি ও গরুর মাংসের দাম এ সপ্তাহেও অপরিবর্তিত রয়েছে। শুক্রবার খুচরা ডিম বিক্রেতা আব্দুল্লাহ সনেট জানান, তিনি খামারের মুরগির ডিম প্রতি পিস ১২ টাকা দরে বিক্রি করেছেন। তাছাড়া বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকা, সোনালি মুরগির কেজি ২৯০ টাকা ও লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩৩০ টাকায়।
বড় বাজার কাঠেরপুলে বিক্রেতারা গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা দরে বিক্রি অব্যাহত রেখেছেন। যদিও শহরের প্রায় সব বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়।