অস্ত্র মামলায় যশোরে মোল্লাপাড়ার সন্ত্রাসী সাকার ১৭ বছর কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে অস্ত্র আইনের একটি মামলায় সাকাওয়াত হোসেন সাকা নামে এক সন্ত্রাসীকে আলাদা ২টি ধারায় ১৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন। গত বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পারভেজ শাহরিয়ার এই রায় প্রদান করেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. গোলাম মোস্তফা জানান, সাজাপ্রাপ্ত সাকাওয়াত হোসেন সাকা যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া বাঁশতলা এলাকার আতিয়ার রহমান ওরফে তাকিয়ার রহমানের ছেলে। রায় ঘোষণার সময় সাকাওয়াত হোসেন সাকা আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩১ মার্চ ডিবি পুলিশের তৎকালীন এএসআই আলমগীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে শহরের নীলগঞ্জ সাহাপাড়া এলাকার জনৈক হাশেমের চায়ের দোকানের সামনে অভিযান চালান। এ সময় সেখান থেকে তিনি ডিএসবি’র তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাকাকে তিনি আটক করেন। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে কোমরে গোজা ১ রাউন্ড গুলিভর্তি একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়। এরপর মামলার তদন্ত শেষে সাকাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তৎকালীন এসআই তোফায়েল আহমেদ।
ওই মামলায় আসামি সাকার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে অস্ত্র আইনের একটি ধারায় ১০ বছরের এবং অপর একটি ধারায় ৭ বছরের অর্থাৎ মোট ১৭ বছরের কারাদন্ড প্রদানের আদেশ দেন।