অভয়নগরে ১৬ দলীয় ফুটবলে চলিশিয়াকে হারিয়ে রোমান স্মৃতির জয়

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে বাগদাহ যুব সংঘের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাগদাহ যুব সংঘের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় উপজেলার চলিশিয়া ফুটবল একাদশ ও রোমান স্মৃতিসংঘ ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলায় চলিশিয়া একাদশকে ১-০ গোলে হারিয়ে বিজয় অর্জন করে রোমান স্মৃতি সংঘ একাদশ। খেলার প্রথমার্ধে কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে রোমান স্মৃতি সংঘের ৫ নম্বর জার্সিধারী খেলোয়াড় হাসান শেখ একটি গোল করে দলের বিজয় নিশ্চিত করেন। খেলা শেষে উভয়দলের খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।
চলিশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী বেগ সোনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্য অতিথি ছিলেন, চলিশিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি তরফদার ইনামুল হাসান পলাশ, যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন সরদার, বিএনপি নেতা মকর আলী মেম্বার, তরিকুল ইসলাম গাজী, আব্দুর রশিদ মোল্লা প্রমুখ। খেলাটি পরিচালনা করেন, ইব্রাহিম হোসেন।