অভয়নগরে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী মারুফ মোলা নিহত হয়েছেন। এ সময় দুজন র‌্যাব সদস্যও আহত হন। উপজেলার চলিশিয়া ইউনিয়নের ডুমুরতলা ও হাটবিলা গ্রামের মধ্যবর্তী একটি বিলের ফাঁকা জায়গায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত মারুফ মোলা (২৬), অভয়নগরের বুইকরা গ্রামের ড্রাইভারপাড়ার মোসলেম মোলার ছেলে। র‌্যাব-৬ অধিনায়ক লে. কর্নেল রওশন কবীর জানান, উপজেলার চলিশিয়া ইউনিয়নের ডুমুরতলা ও হাটবিলা গ্রামের মধ্যবর্তী একটি বিলের ফাঁকা জায়গায় নিহত মারুফ মোলাসহ আরও ৩/৪জন মাদক ব্যবসায়ী ফেনসিডিল ভাগাভাগি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম সেখানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের ল্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে ২জন র‌্যাব সদস্য আহত হন। পরবর্তীতে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে সহযোগীদের ছোঁড়া গুলিতে মারুফ মোলা ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করে। আহত র‌্যাবের দুই সদস্যকে খুলনায় নেভি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী মারুফ মোলা নিহত হয়েছেন। নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।